উৎসবলগ্নে সতর্ক সিটি-আর্সেনাল
বড়দিন আসি আসি করছে। লন্ডনের বাতাসে এখন উৎসবের আমেজ। উৎসবের ঢেউটা লেগেছে প্রিমিয়ার লিগেও। আজ মাঠে নামছে বেশ কয়েকটি বড় দল। সামনের বুধবারে রয়েছে আরও কয়েকটি ম্যাচ। সবকিছু মিলিয়ে ফুটবলপাগল ইংলিশদের ছুটির দিনগুলো দারুণ কাটারই কথা। সব বড় দল অবশ্য আজ মাঠে নামছে না। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ম্যাচ আগামীকাল। আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। তবে উৎসবের এই আমেজ সিটির জন্য অশুভ কিছু যাতে বয়ে না আনে সেটির বিরুদ্ধেই সতর্ক রবার্তো মানচিনি। ডার্বিতে হেরে এখন শীর্ষে থাকা ইউনাইটেডের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্টে। মানচিনি এখন মরিয়া হয়ে চেষ্টা করছেন দল যাতে আর কোনো পয়েন্ট না হারায়। পয়েন্ট হারালেই ইউনাইটেড চলে যেতে পারে নাগালের বাইরে। কিন্তু সিটি শিবিরে যোগ হয়েছে চোটের ছোবল। হ্যামস্ট্রিংয়ের চোটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও মিডফিল্ডার সামির নাসরি আজ রিডিংয়ের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত। খামখেয়ালি স্ট্রাইকার বালোতেল্লিকে নিয়েও দলের মধ্যে রয়েছে অস্বস্তি। জরিমানাস্বরূপ দুই সপ্তাহের বেতন কাটা যাওয়ার পর সেটা মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন বালোতেল্লি। সিটিকে আদালতের কাঠগড়ায়ও দাঁড় করাতে চেয়েছিলেন। এখন অবশ্য সব মিটমাট হয়ে গেছে। আর চোটের কারণে যেহেতু খেলোয়াড়সংকট, আপাতত ‘সুপার মারিওকে’ নিয়ে ঝামেলাটা তাই চুকিয়েই ফেলতে চাইছেন মানচিনি, ‘আমাদের সব খেলোয়াড়কেই দরকার। সামনের দুই সপ্তাহে অনেকগুলো ম্যাচ। মারিওকে অনুশীলন করতে হবে। আমি জানি সে ব্যাপারটি নিয়ে (নিউক্যাসলের বিপক্ষে বসিয়ে রাখা) খুশি ছিল না। আবার যখন সে নিজেকে ফিরে পাবে, মাঠে নামতে পারবে।’আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও আছেন চাপে। জানুয়ারিতে ভালো কিছু খেলোয়াড় কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। কথা রাখতে না পারলে পড়তে হবে সমর্থকদের তোপের মুখে। গত সপ্তাহে রিডিংকে বিধ্বস্ত করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। ওয়েঙ্গারের কথায় সেটারই প্রতিধ্বনি, ‘আমরা আজ উইগানে যাচ্ছি। এটা আরেকটা কঠিন জায়গা। কিন্তু আমরা আবারও ভালো করতে পারি। আশা করি, রিডিংয়ের ম্যাচ থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’ তবে আর যা-ই হোক, গত মৌসুমের পুনরাবৃত্তি ওয়েঙ্গার নিশ্চয়ই চাইবেন না। গত লিগে যে নিজেদের মাঠেই উইগানের কাছে হেরে বসেছিল গানাররা!আজ মাঠে নামছে লিভারপুলও। অ্যানফিল্ডে লাল দলের প্রতিপক্ষ ফুলহাম। এএফপি, রয়টার্স।