একদিকে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার আনন্দ, অন্যদিকে নতুন ধরনের করোনাভাইরাস ‘ওমিক্রন’-এর কারণে সৃষ্ট ভ্রমণ-অনিশ্চয়তা। সব মাথায় নিয়েই কাল ভোরে জিম্বাবুয়ের হারারে থেকে দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়েরা। বিমানে উঠেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, ‘জিম্বাবুয়ে ছাড়ছি। কিন্তু জানি না কখন আমার সুন্দর বাংলাদেশে পৌঁছাব।’
এর আগের সময়টা অবশ্য উদ্যাপনেই কেটেছে নারী দলের ক্রিকেটারদের। গত পরশু বাংলাদেশ নারী দলের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর হারারেতে তাদের উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দলের অপেক্ষাকৃত নবীন ক্রিকেটারদের উৎসব-উল্লাসের মধ্যেই অলংকারের মতো সালমা খাতুন-রুমানা আহমেদদের চোখ ঝলমল করে উঠছিল আনন্দাশ্রুতে।
বাংলাদেশ দল এবার বিশ্বকাপের টিকিট না পেলে অনেকের ক্যারিয়ারই হয়তো থমকে যেত। মাস ছয়েক আগে জাহানারার কথায়ও ছিল সেই আভাস। কাল সেই জাহানারাই সতীর্থদের সান্ত্বনা দিতে দিতে বলছিলেন, ‘কেঁদো না! আমরা পেরেছি। আমরা সবাই মিলেই এটি সম্ভব করেছি।’
অধিনায়ক নিগার সুলতানা এ প্রজন্মের ক্রিকেটার। বাংলাদেশের নারী ক্রিকেটার হিসেবে কঠিন পথ পাড়ি দিয়ে আসা অভিজ্ঞদের মতো তাঁর আবেগ বাঁধভাঙা নয়। অধিনায়ক হিসেবে প্রথম টুর্নামেন্টেই এত বড় অর্জনের পরও তাঁর দৃষ্টি এখন সামনের দিকে, ‘আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম, তাতে সফল হয়েছি। তবে এখানেই শেষ নয়। এই সফলতা বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’
এই ধারাবাহিকতা আগামী মার্চ-এপ্রিলের নিউজিল্যান্ড বিশ্বকাপেও ধরে রাখার আশা দলের অভিজ্ঞ ক্রিকেটার সালমার, ‘বিশ্বকাপে যেতে পেরে আমরা অনেক আনন্দিত। আশা করি বিশ্বকাপে আমরা ভালো করব।’ অনেক দিনের চেষ্টায় পাওয়া ফলাফলে আনন্দটা যে কত মধুর হতে পারে, সেটি বোঝা গেল রুমানার কথায়ও, ‘আমরা আবেগ ধরে রাখতে পারছি না। আনন্দের কথা, উচ্ছ্বাসের কথা বলে বোঝাতে পারব না। আমাদের পুরো দল অনেক আনন্দিত।’
আনন্দটা দেশে ফিরে এলে যে লাগাম ছাড়াবে, তার আভাস তাঁদের কথায়ই পাওয়াই যাচ্ছে। জিম্বাবুয়ে থেকে আজ রাতের মধ্যে নারী দলের ওমানে পৌঁছানোর কথা। সেখান থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা কী হবে, সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ জানিয়েছেন, ‘ওমান থেকে কানেক্টিং ফ্লাইটে খেলোয়াড়দের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে আইসিসি। ফেরার সময়টা এখনো নিশ্চিত নয়। তবে আমরা আশা করছি, কালকের (আজ) মধ্যেই ওরা এসে পড়বে।’
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরলে নারী দলের ক্রিকেটারদের কোয়ারেন্টিন করতে হবে কি না, এ নিয়েও প্রশ্ন থাকছে। দক্ষিণ আফ্রিকা অঞ্চলের করোনার নতুন ধরনের কারণেই এই প্রশ্ন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ‘সে রকম কোনো আভাস এখনো আসেনি। এ ব্যাপারে বোর্ড কথা বলছে,’ জানিয়েছেন তৌহিদ মাহমুদ।
আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে বাছাইপর্বে খেলা তিন দল। বিশ্বকাপের টিকিট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের পরিধি এখন বেড়ে গেল। এখন আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হতে পারবে নিগার সুলতানার দল। ফলে বাড়বে নারী দলের ম্যাচের সংখ্যা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো নারী ক্রিকেটের বড় দলের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দল।