উৎসবের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলারের কাছে বিশ্বকাপের চেয়ে বড় কিছু নেই। একেকটি বিশ্বকাপ যেন একটি মহা উৎসব।দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে যে সাত শতাধিক ফুটবলার আছে, তাদের মন কেমন আনচান করছে, সেটি আমি ঠিকই টের পাচ্ছি। আমি নিজে জার্মানির হয়ে প্রথম দুটো বিশ্বকাপে ছিলাম ১৯৯৪ আর ১৯৯৮-এ। অবশ্য আগে থেকেই জানতাম, খেলার সুযোগ হয়তো পাব না। কারণ দলে ছিলেন বোডো ইলগনার আর আন্দ্রেস কোপকের মতো গোলরক্ষক। এই দুজনই ছিলেন প্রথম পছন্দের। আমি ছিলাম তিন নম্বর। আমার সুযোগ অবশেষে এল ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া-জাপানে। মনে আছে, সৌদি আরবের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচের আগে শুরুর বাঁশি শোনার জন্য আমার তর সইছিল না। প্রত্যেক খেলোয়াড়ই প্রথম ম্যাচটার জন্য উন্মুখ হয়ে ছিল। আশা করছিল, কখন শুরু হবে বিশ্বকাপ!গোলরক্ষক হিসেবে সৌদি আরব ম্যাচটা খুব একটা আদর্শ ম্যাচ ছিল, সেটা বলা যাবে না। আগে থেকেই জানতাম, এই ম্যাচে আমার করার মতো খুব বেশি কাজ থাকবে না। সেই সুযোগই আসলে পাব না। কিন্তু তার পরও আপনার মনোযোগ থাকতে হবে শতভাগ। যেন প্রয়োজনীয় প্রস্তুতি অপ্রস্তুত হয়ে না পড়েন। যাই হোক, আমরা ৮-০ গোলেই জিতলাম এবং এই দুর্দান্ত শুরু আমাদের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করল।টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সেদিক দিয়ে দেখলে সেবার আমাদের রানার্সআপ হওয়াও যথেষ্ট চমক বৈকি। কিন্তু আমরা যোগ্যতাবলেই সেটি অর্জন করেছিলাম। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে আমরা কী আশা করতে পারি?বেশ, একটা জিনিস প্রতিটা বিশ্বকাপই উপহার দেয়—বিস্ময় আর চমক। আমি বেশ নিশ্চিত, এবারও ব্যত্যয় হবে না। বিশ্বকাপে অংশ নিতে চলা ছয় আফ্রিকান দলের একটিও যদি সেই চমকের মধ্যে থাকে, তা হলে তো বেশ হয়।বেশ অনেক বছর আগে পেলে একবার মন্তব্য করেছিলেন, নতুন শতাব্দী শুরুর আগেই আফ্রিকার কোনো দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এরপর অনেক বছর পেরিয়ে গেছে। এসে গেছে নতুন শতকও। কিন্তু বিশ্বকাপে এখনো কোনো আফ্রিকান দেশগুলোর সর্বোচ্চ কৃতিত্ব হয়ে আছে ক্যামেরুন (১৯৯০) আর সেনেগালের (২০০২) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া।আফ্রিকার এই প্রথম বিশ্বকাপে আফ্রিকান কোনো দেশ যদি দুর্দান্ত কিছু করে, সেটি অবশ্যই হয়ে যাবে রূপকথা। কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচে ডেনমার্ককে হারিয়ে দিয়েছে। ফলে তাদের নিয়ে প্রত্যাশার পারদও চড়ে গেছে উঁচুতে। সমর্থকেরা এখন আরও বেশি আশা করছে। কিন্তু প্রীতি ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচে আকাশ-পাতাল পার্থক্য। যদিও আমি আশা করি, দক্ষিণ আফ্রিকা দল যেন অনেক দূর যায়, কাজটা কিন্তু মোটেও সহজ হবে না।উদ্বোধনী ম্যাচটি ঐতিহ্যের কারণেই কখনোই সহজ নয়। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ মেক্সিকোও নিশ্চয়ই আটঘাট বেঁধেই নামবে। মেক্সিকো কখনোই লড়াই না করে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়।দক্ষিণ আফ্রিকার পরের দুটো ম্যাচ উরুগুয়ে আর ফ্রান্সের বিপক্ষে। আরও কঠিন ম্যাচ। আমার তো ভয় হয় দক্ষিণ আফ্রিকা না এবার প্রথম স্বাগতিক হিসেবে সেই লজ্জার রেকর্ডটা করে ফেলে—প্রথম রাউন্ড থেকেই বাদ!দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেক লেখাজোকা হয়েছে। জার্মানিতেও খুব কম সময়ই এমন লেখা বেরোয়নি যেখানে নিরাপত্তা ইস্যুটি ছিল না। তবে আমি নিশ্চিত ফিফা এবং সভাপতি সেপ ব্ল্যাটার তাঁর ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবেন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ফিফা সভাপতির জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটি হয়ে গেছে তাঁর হূদয়ের সঙ্গে জড়িত। তিনি নিশ্চয়ই এই বিশ্বকাপটিকে বিরাট সাফল্য এনে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। প্রত্যেক আফ্রিকানও এই বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকবে। আর তাই আমি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি না।বিশ্বজুড়েই ফুটবল-ভক্তরা অধীর হয়ে অপেক্ষা করছে উত্তেজনা, গোলের পর গোল আর বিস্ময়ের জন্য। তবে তা-ই হোক। শুরু হয়ে যাক ফুটবল উৎসব!