বরুসিয়ার উৎসবের পথে আজ কাঁটা হয়ে আছে বরুসিয়াই। নিজেদের মাঠে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড। মনশেনগ্লাডবাখ পয়েন্ট টেবিলের চার নম্বর দল। বোঝাই যাচ্ছে জয়টা নিশ্চিত নয় ডর্টমুন্ডের। তবে জয়ের উদগ্র বাসনা নিয়েই আজ মাঠে ঝাঁপিয়ে পড়বে ইয়ুর্গেন ক্লপের দল। আজ জিতলেই নিশ্চিত বুন্দেসলিগার শিরোপা!জার্মান লিগে বাকি আর তিনটি ম্যাচ। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড, দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের ৬৪। শেষ তিন ম্যাচে বায়ার্ন জিতলেও তাদের পয়েন্ট হবে ৭৩। আর শেষ তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেও চলবে ডর্টমুন্ডের। টানা দ্বিতীয় আর ক্লাবের ইতিহাসে সব মিলে অষ্টম লিগ শিরোপা জয়ের নেশায় ব্যাকুল ডর্টমুন্ড আজ ৩টি পয়েন্টই চায়। কিন্তু বাধা পড়শি ক্লাবটিই। আগামী মৌসুমে মনশেনগ্লাডবাখ থেকে ডর্টমুন্ডে নাম লেখাচ্ছেন ২২ বছর বয়সী উঠতি তারকা মার্কো রেউস। এরই মধ্যে ১ কোটি ৭৫ লাখ ইউরোতে তিন বছরের চুক্তিও হয়ে গেছে। সেই তিনিও বলছেন, নিজের ভাবী দলের উৎসবটা বিলম্বিত করাই তাঁদের লক্ষ্য, ‘অবশ্যই আমরা তা চাই।’ মনশেনগ্লাডবাখের এই চাওয়ার কারণ তৃতীয় স্থানটি থেকে মাত্র ১ পয়েন্ট দূরে তারা। এ স্থানটি নিয়ে শালকের সঙ্গে বেশ লড়াই হচ্ছে। তৃতীয় হয়ে লিগ শেষ করতে পারলেই নিশ্চিত আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।বায়ার্ন দৃশ্যত লিগের আশা ছেড়েই দিয়েছে। তাদের পুরো মনোযোগ চ্যাম্পিয়নস লিগে। এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বায়ার্নের মাঠেই। সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে তারা উজ্জীবিতও। বুধবার ফিরতি লেগ খেলতে উড়ে যেতে হবে মাদ্রিদ। আজ ভেরডার ব্রেমেনের বিপক্ষে তাই বিশ্রামে থাকতে পারেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। বায়ার্নের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারবে না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তাদের প্রতিপক্ষ যে আর্সেনাল। এমনিতেই গুরুত্বপূর্ণ ম্যাচ, তার ওপর এখন লিগে প্রতিটি পয়েন্টই চেলসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে জেতার স্বপ্ন দেখছে তারা। অথচ আগামীবার এই টুর্নামেন্টে খেলার নিশ্চয়তাই নেই! চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বেও যেতে চাইলে কমপক্ষে চারে থেকে লিগ শেষ করতে হবে। ৫৯ পয়েন্ট নিয়ে চারে এখন টটেনহাম। চেলসির পয়েন্ট ৫৭। ৫৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেডও আছে দৌড়ে। এএফপি, রয়টার্স।