উৎসবের আমেজে খেলল মেয়েরা
দুপুরেও অনেক দল এসে পৌঁছাতে পারল না ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ, দৌলতদিয়া ঘাটেই আটকে ছিল ফরিদপুরের কাবাডি দল। ট্রেনে আসতেও দেরি হলো জামালপুর হ্যান্ডবল দলের। অথচ সকালেই শুরু হয়ে গেছে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব।কাল প্রথম দিনে হয়েছে অ্যাথলেটিকস ও ভলিবল। আজ শেষ দিনে হবে কাবাডি ও হ্যান্ডবল—যে কারণে অত তাড়াহুড়ারও কিছু ছিল না ফরিদপুর ও জামালপুরের মেয়েদের। তবে দুপুর পৌঁছেও সবাই পেলেন উষ্ণ অভ্যর্থনা। একদিক দিয়ে খেলোয়াড়দের চলছে আসা-যাওয়া, অন্যদিকে মাঠে ব্যস্ত খেলোয়াড়েরা। পৃষ্ঠপোষক ওয়ালটনের বিলবোর্ডে ছেয়ে যাওয়া ক্রীড়া কমপ্লেক্সে উড়ছিল বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার নানা রঙের পতাকাও। সব মিলিয়ে দারুণ এক উৎসবের আবহই বিরাজ করছিল ক্রীড়া কমপ্লেক্সে।রাজবাড়ীর অ্যাথলেট জহুরা খাতুন ৪০০ মিটার দৌড়ে জিতেছেন ব্রোঞ্জ। ৪–১০০ মিটারে রানার্সআপ হয়েছে তাঁর দল। দুটি পদক গলায় ঝুলিয়ে উচ্ছ্বসিত জহুরা বলছিলেন, ‘ক্রীড়া উৎসবে এসে খুবই ভালো লাগছে। তবে এত কম অনুশীলনে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ঠিক না।’ রাজবাড়ীর প্রত্যন্ত গ্রাম সোনাপুরে নিজ উদ্যোগে অনুশীলন করেন। কোনো কোচ নেই। জেলা শহরে এসে অনুশীলন করার সুযোগ পান না। জাতীয় অ্যাথলেটিকসে অংশ নেওয়ার দারুণ আগ্রহ। কীভাবে অংশ নেবেন সেটাও ঠিক জানেন না, ‘জাতীয় প্রতিযোগিতায় কখনো খেলিনি। কীভাবে অংশ নেব সেটাই তো জানি না!’ অথচ ফরিদপুরের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েই তিনি এসেছেন এই বিভাগীয় উৎসবে।শেরপুরের অ্যাথলেটিকস দলের সবাই ক্রিকেটার। ঝুনু, জোনাকি, আলেয়া, জ্যোতি, আকাশি, নুসরাতরা গুলশান রাইজিং গার্লস ক্রিকেট একাডেমির খেলোয়াড়। শেরপুরেই অনুশীলন করেন। শুধু খেলার সময় ঢাকায় আসেন। ক্রীড়া উৎসবের জন্য আঞ্চলিক পর্বে অংশ নিয়েই যা অনুশীলন হয়েছে। তার পরও অ্যাথলেটিকসে দলগত শিরোপা জিতে দারুণ খুশি শেরপুর মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক কোহিনুর বেগম, ‘এই মেয়েরা অলরাউন্ডার। সব খেলাই সমান খেলে।’ ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার (হিরু) জানালেন, ‘সীমিত সামর্থ্যেও আমরা নিয়মিত টুর্নামেন্টটা চালিয়ে যাচ্ছি। আশা করি, এখান থেকে জাতীয় পর্যায়ে ভালো ভালো অ্যাথলেট বের হবে।’ ৯টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর। ১০০, ২০০ ও ৪০০ মিটারে সোনা জিতেছেন শেরপুরের সোহাগী আক্তার। ভলিবলে চ্যাম্পিয়ন রাজবাড়ী।