উৎসবের আমেজে শুরু স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারিতে চলছে আইসক্রিম খাওয়ার উৎসব। কোর্টে চলছে টুর্নামেন্টে অংশ নেওয়া ১৮টি স্কুলের ছাত্রছাত্রীদের মার্চ পাস্ট। ভিকারুননিসা নূন স্কুলের মেয়েদের ড্রামের তালে সামনে এগিয়ে গেল খুদে হ্যান্ডবল খেলোয়াড়েরা। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে উৎসবের আমেজেই হলো পোলার আইসক্রিম ১৯তম স্কুল হ্যান্ডবলের উদ্বোধন। কাল উদ্বোধনী দিনে বালক বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন বিএএফ শাহীন স্কুল ২৩-০ গোলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে শুভসূচনা করেছে। অন্য ম্যাচে স্কলাস্টিকা ৮-০ গোলে ডিপিএসএসটিএস স্কুলকে, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল ২১-৩ পয়েন্টে সাউথ পয়েন্টকে, প্লে পেন ১৫-৩ গোলে মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয়কে, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় ১৫-১১ গোলে সানিডেলকে, বিআইএস ১১-৩ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে হারিয়েছে। বালিকা বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন স্কলাস্টিকা ১৮-০ গোলে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলকে, সানিডেল ৯-১ গোলে ইস্পাহানি গার্লস স্কুলকে হারিয়েছে। মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয় ৩-৩ গোলে ড্র করেছে সাউথ পয়েন্টের সঙ্গে।স্কুল হ্যান্ডবলের বালিকা বিভাগে বরাবরই ভালো ভিকারুননিসা নূন স্কুল। এর আগে টানা ১২ বার চ্যাম্পিয়ন হলেও গতবার ফাইনালেই উঠতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে এসেছে কামরুন্নাহার, মারিয়ম খানম, আফরিন তাবাসসুমরা। নবম শ্রেণীর ছাত্রী মারিয়ম হ্যান্ডবলে ভিকারুননিসার গৌরব ফিরিয়ে আনতে চায়, ‘আমাদের একটা ঐতিহ্য আছে। সেটা ফিরিয়ে আনতে চাই। তাই পরীক্ষার মধ্যেও আমরা খেলতে এসেছি।’