উৎসবের দেশ হল্যান্ড
আমস্টারডামের বিখ্যাত রিকসমিউসিয়মের বাইরে ৮৮ বর্গমিটার আকারের বিশাল একটা পর্দা ঝোলানো হয়েছে। বলা হচ্ছে, এটিই ইউরোপের বৃহত্তম ঝুলন্ত টিভি পর্দা। দানবাকৃতির এই পর্দার সামনে সেদিন রাতে ভিড়টাও হয়েছিল দেখার মতো। প্রায় পঞ্চাশ হাজার লোক জড়ো হয়েছিল।হাজার হাজার মানুষ শ্বাস বন্ধ করে চেয়ে আছে পর্দার দিকে—কখন শেষ বাঁশি বাজবে! বাঁশি বাজল। হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল আমস্টারডামে। আকাশ ভেঙে পড়ল পুরো হল্যান্ডেই।ঢোল, বাঁশি, পতাকা, ছোট মাইক নিয়ে ছুটে বেরিয়ে গেল লোকজন। বাড়ি বাড়ি থেকে লোকজন বেরিয়ে এল পথে। কেউ ফোয়ারার পানিতে, কেউ মাঝ রাস্তায়, কেউ ছাদের ওপর—সব জায়গায় শুধু নাচ আর নাচ। উৎসব আর উৎসব। মুখে চিৎকার—‘ফাইনাল, ফাইনাল’।হ্যাঁ, ফাইনাল! ৩২ বছর পর হল্যান্ড ফাইনালে ওঠায় বাঁধ ভেঙে গেছে ডাচ নাগরিকদের, বাঁধ ভেঙে গেছে সে দেশের সংবাদমাধ্যমের। দৈনিক টেলিগ্রাফ প্রথম পাতায় দেশের প্রতীক, গর্জনরত একটা সিংহের ছবি ছেপে বিরাট বিরাট হরফে শিরোনাম করেছে ‘ফাইনালস’!এই পত্রিকাতেই অর্ধেক পাতাজুড়ে দ্বিতীয় গোলদাতা আরিয়েন রোবেনের ছবি ছেপে লেখা হয়েছে, ‘অরেঞ্জেরা এখন সোনার গন্ধ পাচ্ছে’। দৈনিক পত্রিকা এনআরসি নেক্সটও রোবেনের বড় বড় ছবি দিয়ে লিখেছে, ‘আরেকটা জয়, তার পরই অরেঞ্জেরা চ্যাম্পিয়ন’।বেশির ভাগ পত্রিকাই ভরে ছিল খেলা আর দেশজুড়ে উৎসব-উদ্যাপনের ছবিতে। টোরৌ পত্রিকা লিখেছে, স্বপ্নের ফাইনালে উঠে হল্যান্ডের এবার ১৯৭৪ ও ১৯৭৮-এর জ্বালা জুড়ানোর পালা। বামপন্থী দৈনিক ভোল্কসক্রান্ট অধিনায়ক ও গোলদাতা ব্রঙ্কহর্স্টের ছবি ছেপে শিরোনাম করেছে, ‘৩২ বছর পর অরেঞ্জেরা আবার ফাইনালে’।আরেক জনপ্রিয় দৈনিক অ্যালগেমিন ডাগলাড জয়-বন্দনায় আবেগপ্রবণ এক শিরোনাম ‘অরেঞ্জেরা ফাইনালে’-এর নিচে ফুটিয়ে তুলেছে অতীত—‘আর্জেন্টিনার কাছে ফাইনালে হারার ৩২ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে হল্যান্ড।’পুরো হল্যান্ডই জুড়াতে চায় দু-দুবার শিরোপার কাছ থেকে ফেরার জ্বালা। সেই জ্বালা জুড়ানোর আশায় লোকেরা হাতে ট্রফি নিয়ে উৎসবের দেশ বানিয়ে ফেলেছিল হল্যান্ডকে। শুধু আমস্টারডামেই উৎসবটা হয়েছে, এমন ভাবাটা ঠিক হবে না। ডাচ সংবাদমাধ্যমের দাবি, দেশের মোট এক কোটি ৬৫ লাখ মানুষের মধ্যে এক কোটি ১৫ লাখই টেলিভিশনে বা বড় পর্দায় সরাসরি খেলা দেখেছে! আইন্দহোফেন শহরের চিত্রও সেই সাক্ষ্য দিচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় দানব পর্দার সামনে ভিড় জমেছিল। শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র পিট রাইকেন বলছেন, ‘তিনটি বড় পর্দার সামনেই ২৫ হাজার লোক খেলা দেখেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আরও পাঁচ হাজার লোক খেলা দেখেছে। পুরো শহরই উৎসবে মেতে উঠেছিল।’আমস্টারডাম, রটারডাম, আইন্দহোফেনের মতো শহরগুলোর পথঘাট, বাড়িঘর তো বটেই; বিমানবন্দরগুলোও বাদ যায়নি উৎসবের তালিকা থেকে। আমস্টারডাম বিমানবন্দরেই যাত্রাবিরতিতে খেলা দেখেছে সাত শতাধিক যাত্রী। খেলা শেষ হতেই তারাও নিয়ম-কানুনের ধার না ধেরে নাচে মেতেছে।’এই সময় কেতাদুরস্ত হয়ে কি থাকা যায়! এএফপি।