উৎসবের মধ্যে অনেক ভোগান্তিও
আগের রাতে খবর ছড়াল, নিরাপত্তা তল্লাশির জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বারগুলোয় লাগানো ট্রান্সটেল গেটগুলো নাকি কাজ করছে না! গুজব ছিল ওই খবর। তার পরও বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচের আগের রাতে বিশ্বকাপের অন্যতম আয়োজক বাংলাদেশের কর্মকর্তাদের কপাল চিন্তার বলিরেখামুক্ত ছিল না।কাল ম্যাচ শেষে সেটা উধাওই হয়ে যাওয়ার কথা। যেসব খুঁত থেকে গেছে, চাইলে সেসব নিয়েও প্রশ্ন তোলা যায়, তবে এসব অপূর্ণতা অন্তত প্রস্তুতি ম্যাচের অঙ্গহানি তো ঘটায়নি। তার ওপর বাংলাদেশ-কানাডা ম্যাচ দেখতেও শেষ পর্যন্ত গ্যালারি ভরে ওঠা, বাংলাদেশের সহজ জয়—সবকিছু মিলিয়ে এ দেশে অনানুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শুরুর দিনটা একেবারে খারাপ হয়নি।বাংলাদেশ-কানাডা ম্যাচেও গ্যালারি ভর্তি হয়ে ওঠার একটা কারণ সম্ভবত ফ্লাডলাইটের আকর্ষণ। এমএ আজিজ স্টেডিয়ামে পোর্ট সিটি ক্রিকেট লিগ হয়েছিল কৃত্রিম আলোয়। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তো নয়ই, চট্টগ্রামেই এই প্রথম বাংলাদেশ দলের কোনো ম্যাচ হলো ফ্লাডলাইটের নিচে। এ নিয়ে দর্শকদের বাড়তি আকর্ষণ থাকারই কথা। আগের দিন খুব বেশি টিকিট বিক্রি না হলেও কাল বুথ থেকে অনেকেই টিকিট কিনেছে।কিন্তু খেলাই বলুন কিংবা ফ্লাডলাইটের আলো, সেটা দেখতে মাঠ পর্যন্ত আসতে কম ভোগান্তিতে পড়তে হয়নি দর্শকদের। ক্রিকেটে নিরাপত্তা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ানোর পর এই প্রথম আইসিসির কোনো বড় আসর হচ্ছে বাংলাদেশে। এ রকম আসর যে এখন নিরাপত্তার কড়া ঘেরাটোপের মধ্যেই হয়, সেটা এ দেশের দর্শকদের জানার কথা নয়, বোঝারও কথা নয়। স্টেডিয়ামের অনেক দূরেই গাড়ি-সিএনজি অটোরিকশা ছেড়ে দিয়ে দীর্ঘপথ হেঁটে আসা দর্শকেরা তাই ক্লান্ত-বিরক্ত। এরপর গেট পর্যন্ত এসেও শেষ হয় না অপেক্ষা। টিকিট স্ক্যানের পর একবার করে ট্রান্সটেল গেট খুলছে আর একজন করে দর্শক মাঠে ঢুকছে। বাংলাদেশের ক্রিকেট দর্শকেরা মাঠে ঢোকার জন্য এর আগে কবে এতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করেছে! বিসিবির কাছ থেকে একটা ধন্যবাদ তারা প্রাপ্যই।খেলা দেখতে আসায় অনেকের আয়োজন দেখে এটাকে বিশ্বকাপের ম্যাচই মনে হচ্ছিল। পতাকার ওড়াউড়ি ছিল, কেউ কেউ ‘শাবাশ বাংলাদেশ’ লেখা লাল-সবুজ কাপড় বেঁধে নিয়েছে মাথায়। শফিউল-রুবেলের উইকেট নেওয়া কিংবা তামিম ইকবালের বাউন্ডারি—প্রতিটি উপলক্ষেই হাততালি। দর্শকেরা যেন ভুলেই গিয়েছিল এটা কানাডার বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ মাত্র।বিশ্বকাপে বাংলাদেশের অনানুষ্ঠানিক শুরুটা প্রত্যাশিত জয় দিয়ে হয়েছে, সঙ্গে দর্শকদের উল্লাসমুখর উপস্থিতি মিলিয়ে অপ্রস্তুতির চিহ্নগুলো কিছুটা হলেও ঢেকে ছিল কাল। অবশ্য বাংলাদেশের মতো বিসিবিও ম্যাচটাকে ‘প্রস্তুতি ম্যাচ’ হিসেবেই নিয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড বিতরণে দেরি করাসহ যে ভুলগুলো চোখে পড়েছে, আসল বিশ্বকাপের আগে এ জাতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে।সমস্যাগুলোর মধ্যে প্রেসবক্স থেকে মাঠ ঠিকভাবে দেখা না যাওয়াটাই বড় বলে মনে হলো। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাইট স্ক্রিন টানাটানিটাকে সময়ের অপচয় মনে হওয়ায় নতুন বসানো ট্রাইভিশন সাইট স্ক্রিনের দুই পাশে বাঁশের ফ্রেমে বাঁধা বাড়তি কালো পর্দাও লাগানো হয়েছে। প্রেসবক্সের ঠিক সামনে অনেক বড় জায়গা নিয়ে তাই প্রতিবন্ধকতা। এই সাইট স্ক্রিন এবং ওপর থেকে নেমে আসা আইসিসির বিশ্বকাপ ব্র্যান্ডিং বোর্ডের কারণে মাঠে দৃষ্টি ফেলার জায়গাটা হয়ে এসেছে বেশ সরু। প্রেসবক্সে এমন একটা চেয়ারও খুঁজে পাওয়া গেল না যেটাতে বসে পুরো মাঠ দেখা যায়।প্রস্তুতি ম্যাচে হয়তো অপ্রস্তুতিটুকু মেনে নেওয়া গেল, কিন্তু আসল ম্যাচে? তখন কিন্তু খুঁত ধরায় ওস্তাদ ব্রিটিশ মিডিয়াও থাকবে এই প্রেসবক্সে!