উৎসবের মূর্ছনায় বর্ণিল বিএসপিএ নাইট
পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগে একটু নাটকীয়তা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কে হবেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক? মনোনীতদের তালিকায় থাকা তিন ক্রীড়া সাংবাদিকের মধ্যে ‘চ্যাম্পিয়ন’ আজাদ মজুমদারের নামটা প্রধান অতিথি ঘোষণা করলেন সবার শেষে।
রাজধানীর একটি হোটেলে কাল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত ‘বিএসপিএ অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিএসপিএ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক ও বর্ষসেরা দুই রানারআপ ক্রীড়া সাংবাদিকের নাম ঘোষণা করেন মন্ত্রী। বর্ষসেরা নিউ এজ পত্রিকার আজাদ মজুমদার ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকার প্রাইজমানি পেয়েছেন। রানারআপ কালের কণ্ঠ-এর নোমান মোহাম্মদ ও যমুনা টেলিভিশনের মুজনেবীন তারেক পেয়েছেন ট্রফিসহ ১৫ হাজার করে টাকা।
দুজন ক্রীড়ালেখককেও সম্মাননা দিয়েছে বিএসপিএ। এআইপিএস ডে (বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস) উদ্যাপন উপলক্ষে প্রতিবছর কয়েকজন ক্রীড়ালেখককে সম্মাননা দেয় এই প্রতিষ্ঠান। এবার পেয়েছেন হাসান মাহমুদ বাবলী ও মুজিবুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ক্রীড়ালেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান। উপস্থিত ছিলেন সভাপতি মোস্তফা মামুন ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্মকর্তা মনজুরুল করিম।