উৎসবের রং আকাশি নীল
ইরানের অন্যতম জাতীয় উৎসব নওরোজ। ইরানিদের নববর্ষের প্রথম দিনেও আলী আকবর পোরমুসলিমিকে এমন চেহারায় দেখা যায় কি না সন্দেহ! সারা শরীরে রং। মুখে, জামায় ছোপ ছোপ লাল। কখন যে কোন সমর্থক তাঁকে রং মাখিয়ে দিয়েছে, খেয়ালই করেননি।খেয়াল করবেন কীভাবে? গত মৌসুমের দুঃস্বপ্ন তো ভুলে যাননি! আবাহনীকে শিরোপা দৌড়েই রাখতে পারেননি, লিগ শেষ হওয়ার আগেই ফিরে গিয়েছিলেন ইরানে। এবার তাই আবাহনীকে লিগ শিরোপা উপহার দিয়ে রং খেলায় মেতে উঠলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখন একদল সমর্থক। ভিআইপি গ্যালারির সামনে দাঁড়ানো পুলিশের প্রহরার কি সাধ্যি তাদের আটকায়! ভুভুজেলা, ঢাকঢোল আর আবাহনী পতাকা গায়ে জড়িয়ে সারা মাঠ নেচে-গেয়ে বেড়াতে লাগল সমর্থকেরা। তখন মাঠের মধ্যেই পড়ে আছেন মামুনুল, মিঠুন, এমিলিরা। ডাগআউটে কাঁদছিলেন কাঞ্চন, মোস্তাক, নাসিররা।সমর্থকদের ভিড়ে হারিয়ে যাওয়া আলী আকবরকে খুঁজে পাওয়াই ছিল কঠিন। মাঠের এক পাশে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত এই ইরানি। ম্যাচ শেষে আনন্দিত কোচ বললেন, ‘ভালো ম্যাচ হয়েছে। আজ আবাহনী ভালো খেলেছে। যখনই গোল খেয়েছে তখনই আবার আক্রমণে গেছে। এটাই ফুটবল।’ ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-২ এ পিছিয়ে ছিল আবাহনী। একটুও কি ভয় হচ্ছিল না? ‘তা তো একটু হচ্ছিলই। কারণ, আমার মনে হচ্ছিল যে গোলরক্ষক একবার ভুল করে গোল খেয়েছে। আবারও যে এমন হয় কি না কে জানে?’ দারুণ একজন ভাগ্যবান ফুটবলারই বলতে পারেন নিজেকে ডিফেন্ডার সুজন। যে মৌসুমে যে দলেই নাম লেখান, সেই দলই চ্যাম্পিয়ন হয়। ২০০০ সালে মুক্তিযোদ্ধা দিয়ে শুরু, এরপর আবাহনী, ব্রাদার্স, শেখ জামাল হয়ে আবারও আবাহনী। এবং এবারও শিরোপা আকাশি নীলদের! ড্রেসিং রুমে হুজ খুলতে খুলতে বলছিলেন, ‘আমি আসলেই ভাগ্যবান। একটানা নয়বার চ্যাম্পিয়ন দলের সঙ্গী।’ মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আরিফ করুণ মুখে দাঁড়িয়ে আবাহনীর ড্রেসিং রুমের সামনে। বললেন, ‘আমরা জয় দিয়েই ম্যাচ শেষ করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, তীরে এসে তরি ডুবল।’ জোড়া গোল করেও দলকে শিরোপা উপহার দিতে পারেননি মুক্তিযোদ্ধা স্ট্রাইকার সানডে। ‘হতাশ, খুব হতাশ’—এর বাইরে কোনো কথা বলেননি নাইজেরিয়ান স্ট্রাইকার।বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে লিগ-সেরা মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মামুনুল। ড্রটা কিছুতেই মানতে পারছিলেন না, ‘কষ্ট লাগছে এই জন্য যে গোল দিয়ে গোল হজম করতে হলো। আমাদের কিছু ভুলের কারণে এমনটা হয়েছে।’ হতাশ কোচ শফিকুল ইসলাম বললেন, ‘রক্ষণভাগের ভুলেই আমরা জয়-বঞ্চিত হয়েছি।’ লিগ শেষ হওয়ার আগেই অনেকে অন্য দলে নাম লিখিয়েছেন। ম্যাচে কি এটার প্রভাব পড়েছে? শফিকুলের উত্তর, ‘না, সবাই শতভাগ উজাড় করেই খেলেছে।’ এবারও তীরে এসে তরি ডুবল মুক্তিযোদ্ধার। লিগটা তাদের কাছে যেন অনন্ত এক আক্ষেপ।