উৎসাহ হারাচ্ছে আনসারের সাঁতারুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক সাঁতারে গত বছর ৫৩টি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার। আনসারের সাঁতারুদের সেই দাপট এবার আর নেই। এককভাবে মিরপুর সুইমিংপুল মাতাচ্ছে বিকেএসপির সাঁতারুরা। দ্বিতীয় দিন শেষে ৪৭টি সোনা, ৩৮টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে বিকেএসপি। দ্বিতীয় স্থানে আনসার থাকলেও সব মিলিয়ে তাদের সোনা মাত্র ১৫টি! রুপা নয়টি ও ব্রোঞ্জ ১৯টি। ৩৪টি ইভেন্টের মধ্যে কাল রেকর্ড হয়েছে ১৬টিতেই।খেলোয়াড়েরা আগের মতো আর সাঁতরাতে উৎসাহ পাচ্ছে না—আনসারের অধোগতির মূল কারণ এটাই বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। রেকর্ড গড়ে সোনা জিতলে প্রতি সাঁতারুকে ১৪ হাজার করে টাকা উৎসাহব্যঞ্জক ভাতা হিসেবে দেওয়া হতো, যেটা আপাতত বন্ধ। এই টাকা আদৌ পাবে কি না, সেটা নিয়ে হতাশা কাজ করছে সাঁতারুদের মধ্যে। তা ছাড়া তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং নতুন করে ক্যাম্পও বন্ধ হয়ে গেছে আনসারের। এত কিছুর মধ্যেও অবশ্য নিজের মতোই ছুটছে আনসারের সাঁতারু নাজমা খাতুন। কালও চারটি সোনা জিতেছে সে রেকর্ড গড়ে। বালিকা বিভাগের দুই দিনে আটটি ইভেন্টে সাঁতরে সব কটিতেই রেকর্ডসহ সোনা জিতেছে। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে নাজমা, ১৯৯৫ সালে যেটি করেছিলেন বাংলাদেশ বিমানের নিবেদিতা দাস। নাজমার সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে বালক বিভাগে বিকেএসপির জাহিদুল ইসলাম। ১১-১২ বছরের বালক বিভাগে পাঁচটিতেই রেকর্ড গড়ে সোনা জিতেছে সে। কাল ২০০ মিটার ফ্রি-স্টাইল ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়েছে নোয়াখালীর কিশোর।