উৎসে ফিরে শেষের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অর্থে তাঁর অলিম্পিকের স্বর্ণপ্রসবা যাত্রার শুরুটা হয়েছিল ইন্ডিয়ানাপোলিসে। ২০০০ সালে মাত্র ১৫ বছর বয়সে ইন্ডিয়ানাপোলিস নাটাটোরিয়ামে (সাঁতার কমপ্লেক্স) প্রথমবারের মতো কোয়ালিফাই করেছিলেন যুক্তরাষ্ট্র অলিম্পিক দলে। সেই ইন্ডিয়ানাপোলিসেই দাঁড়িয়ে মাইকেল ফেল্প্স ঘোষণা দিলেন তাঁর শেষের! বয়স মাত্র ২৬। কিন্তু এরই মধ্যে ১৪টি অলিম্পিক সোনা জেতা মার্কিন সাঁতারু জানিয়ে দিলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের শেষ বছর, আমার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ারের শেষ চারটা মাস।’শুরুর বিন্দুতে শেষটা মিলিয়ে দিয়ে ফেল্প্স এও বললেন, ‘আমার সুইমিং ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার লক্ষ্য এখনো অনেক বড়।’ ছোট্ট এই বার্তার মধ্যেই লুকিয়ে আছে লন্ডন অলিম্পিকে ফেল্পেসর প্রতিদ্বন্দ্বীদের জন্য হুংকার! ২০০৪ এথেন্স অলিম্পিকে সাঁতার থেকে জিতেছিলেন ছয়টি সোনা, দুটি ব্রোঞ্জ। ওই অলিম্পিকেই বোঝা গিয়েছিল, আরেকটু পরিণত হলে তাঁর পক্ষে আটটি সোনা জেতা বিচিত্র কিছু নয়। ২০০৮ বেইজিং অলিম্পিকে সত্যি সত্যিই আটটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই সোনা জিতে গড়লেন নতুন ইতিহাস! অলিম্পিকে এক আসরে সবচেয়ে বেশি সোনা জেতার নতুন রেকর্ড তো হলোই, অলিম্পিক ক্যারিয়ারেও সর্বোচ্চ ১৪টি সোনা জেতার নতুন রেকর্ড গড়লেন মাইকেল ফেল্প্স।সব মিলিয়ে অলিম্পিক পদক ১৬টি। আর তিনটি পদক জিততে পারলেই আরেক এভারেস্টে পা রাখবেন ফেল্প্স। অলিম্পিকে রেকর্ড ১৮টি পদক জিতেছেন সাবেক সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। লন্ডনে মাত্র দুটো পদক পেলেও সেই রেকর্ড ছোঁবেন। তবে ওই যে ফেল্প্স বলেই দিয়েছেন, লক্ষ্যটা তাঁর এখনো অনেক বড়!ছোটবেলায় এক স্কুলশিক্ষক বলেছিলেন, ‘তুমি কখনো সফল হবে না।’ কিন্তু সেই ভবিষ্যদ্বাণী ফেল্প্স ব্যর্থ করে দিয়েছেন। ইন্ডি গ্রাঁ প্রিঁতে অংশ নিতে এসে প্রাথমিক স্কুলের প্রায় ৭৫ জন শিক্ষার্থীর কাছে সেই গল্প শুনিয়ে ফেল্প্স বলেছেন, সাফল্যের প্রতিটি ইঞ্চির সঙ্গে মিশে আছে তাঁর কঠোর পরিশ্রম আর অধ্যবসায়।খুদে শিক্ষার্থীদের বলেছেন, জীবনে সফল হতে হলে একটি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে অবিচল থাকা কত জরুরি, ‘খুবই কম বয়সে শুরু করেছিলাম। শুরুটা হয়েছিল ছোট ছোট লক্ষ্য নিয়ে। পানিতে অজস্র সময় কাটিয়েছি। কিন্তু আমাকে তা করতে হয়েছে নিজের লক্ষ্য পূরণের স্বার্থেই।’ বলেছেন, ‘তোমাদের লক্ষ্য হতে হবে এমন কিছু, সেটা প্রতিদিন সকালেই তোমাকে উদ্দীপ্ত করবে। আমার বয়স এখন ২৬। কিন্তু এখনো আমার অনেক লক্ষ্য আছে। আমি আমার লক্ষ্যগুলো সেখানেই রাখি, যেখানে আমি সেগুলোকে দেখতে পাই। এখনো এমন অনেক কিছু আছে, যা আমি অর্জন করতে চাই।’তাহলে এই বয়সেই কেন অবসর নিচ্ছেন? এক শিক্ষার্থীর এমন প্রশ্নে ফেল্প্স বলেছেন, ‘বয়স হচ্ছে। আমি ৩০ পেরিয়ে সাঁতরাতে চাই না। এখন সাঁতারও অনেক কঠিন। আমার শরীরের গঠন অন্য রকম। ধকল দ্রুত সামলে উঠতে পারি না। এমনও অনেক দিন আসে, যখন বিছানা ছেড়ে উঠতে মন চায় না।’তবে কিছুটা সময় নিজের কুকুরের সঙ্গে কাটিয়ে, কল অব ডিউটি (কম্পিউটার গেমস) খেলে তরতাজা হয়ে আবার ঝাঁপিয়ে পড়েন পুলে। শেষ পর্যন্ত সাঁতারই তাঁর সব। সাঁতারের জন্যই এত আত্মত্যাগ। ‘এই জীবনে বিশ্বের সুন্দর সুন্দর সব শহরে গিয়েছি। কিন্তু দেখেছি কেবল হোটেল আর পুল।’ এর বাইরে কিছু দেখার অবকাশ মেলেনি। হোটেলে থেকেছেন, পুলে গিয়ে সাঁতরেছেন!সাঁতার ছেড়ে দেওয়ার পরও সক্রিয় থাকবেন। পুলের বাইরে অবশ্যই। প্রচুর গলফ খেলতে চান। তাঁর দাতব্য প্রতিষ্ঠান মাইকেল ফেল্প্স ফাউন্ডেশন নিয়ে আরও ব্যস্ত হতে চান। এএফপি।