উড়ছে দুরন্ত রাজশাহী
পদ্মার ধু ধু বালুচরে এখন সবুজের হাওয়া। বাজছে সাফল্যের গান। বিজয়ের নিশান উড়িয়ে দুরন্ত রাজশাহী ছুটে চলেছে টগবগিয়ে।বিপিএলে তাদের শুরুটা হয়েছিল খুব বাজে। প্রথম দুই ম্যাচেই হার দুরন্ত রাজশাহীর স্বপ্নে বড় এক ধাক্কা হয়েই এসেছিল। সেই বিষণ্নতা এখন অতীত। কাল বরিশাল বার্নার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এল টানা পঞ্চম জয়। দলের ম্যানেজার ফারুক আহমেদ তাই বলতে পারছেন, ‘মানসিকতা এ রকম থাকলে ছেলেদের পক্ষে যেকোনো কিছু করা সম্ভব।’ অঙ্কের ‘যদি, কিন্তু’ সেমিফাইনাল নিশ্চিত করতে আরও এক ম্যাচ জয়ের শর্ত দিয়ে রেখেছে। নইলে রাজশাহী বিপিএলের শেষ চারে এক পা দিয়েই রেখেছে। তবে ফারুক আহমেদ ‘যেকোনো কিছু’ বলতে নিশ্চয়ই আরও বড় কিছুই বুঝিয়েছেন।হ্যাঁ, টানা জয়ের আত্মবিশ্বাস শিরোপার স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে দুরন্ত রাজশাহীতে। বিশেষ করে, সর্বশেষ দুই জয়ই যখন প্রায় অসাধ্য সাধন করে। আগের ম্যাচে ১২৬ রান করেও চিটাগাং কিংসকে হারানোর পর বরিশাল বার্নার্সের ১৯৩ রানের চ্যালেঞ্জ জেতা সারা ১৭.১ ওভারেই! মাত্র ৬.৪ ওভারে শাহজেব-জুনায়েদের ৯৩ রানের উদ্বোধনী জুটির পর জয় এসে গেছে জুনায়েদ-স্যামুয়েলসের দ্বিতীয় উইকেট জুটিতেই। শাহজেব ২২ বলে ৪৬ আর স্যামুয়েলস ৩০ বলে অপরাজিত ৫৪। তবে তাঁদেরও ছাপিয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল বাংলাদেশের জুনায়েদ সিদ্দিক। ৫১ বলে অপরাজিত ৮৯, সাত বাউন্ডারির সঙ্গে পাঁচটি ছক্কা। ২৩ বলে ফিফটির মধ্যেই পাঁচ বাউন্ডারি ও তিন ছক্কা। চার-ছক্কার বৃষ্টিতে জুনায়েদ যেন মনে করিয়ে দিচ্ছিলেন সেই শুরুর দিনগুলোর কথা, যখন টি-টোয়েন্টি ক্রিকেটটাই তাঁর ব্যাটে বেশি সুরেলা হয়ে উঠত।অথচ আহমেদ শেহজাদ ও ফিলিপ মাস্টার্ডের ৯৭ রানের দ্বিতীয় উইকেট জুটির ওপর দাঁড়িয়ে বরিশাল বার্নার্স জয়ের ঠিকানা পেয়ে গেছে বলেই মনে হয়েছিল। আর জুনায়েদের আগে মাস্টার্ডের ব্যাটিংও তো কম উপভোগ্য হয়নি দর্শকের কাছে! ৫৮ বলে অপরাজিত ৮৮-তে ১০ বাউন্ডারি আর তিন ছক্কা মনে করাচ্ছিল, রাজশাহীর জয়রথ বুঝি থেমে যাচ্ছে এখানেই।ফারুক আহমেদের তৃপ্তিটা এখানেই বেশি। স্বপ্নে বাড়তি রংও চড়াচ্ছে সেটা, ‘সবচেয়ে বড় কথা, আমরা কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনছি। এ জিনিসটা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।’ কিন্তু এমন একটা দলের শুরুটা কেন অমন বিবর্ণ হয়েছিল? ‘টিম কম্বিনেশনে একটু সমস্যা ছিল। সেটা নিয়ে কাজ করার পর থেকেই ফলাফল পেতে শুরু করেছি। বিশেষ করে, প্রথম জয়টা পাওয়ার পর নিজেদের ওপর আস্থা বেড়ে যায় ছেলেদের’—ব্যাখ্যা তাঁর।সেটা এমনই যে দুরন্ত রাজশাহীর দুরন্ত পথচলায় প্রথম দুই ম্যাচের হারকে অঘটনই মনে হচ্ছে এখন। সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৯২/৩ (মাস্টার্ড ৮৮*, শেহজাদ ৪৪, রমিজ জুনিয়র ২৬*, মিঠুন ২১; সাব্বির ১/১৮, মনির ১/১৯, সামি ১/৩৩)। দুরন্ত রাজশাহী: ১৭.১ ওভারে ১৯৩/১ (জুনায়েদ ৮৯*, স্যামুয়েলস ৫৪*, শাহজেব ৪৬; শেহজাদ ১/২৬)। ফল: দুরন্ত রাজশাহী ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।