উড়ছে রিয়াল, বিধ্বস্ত বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পর্বের ‘এল ক্লাসিকো’ শেষ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দৃষ্টি এখন চ্যাম্পিয়নস লিগে। কিন্তু সেই চাহনিতে বিস্তর ব্যবধান। রিয়ালের চোখে তারার দ্যুতি। উজ্জ্বল আলোয় জ্বলছে। প্রত্যয়ী আভা যেন বলছে, সামনের বাধা যত কঠিনই হোক, তা পেরিয়ে নিজেদের অভীষ্ট লক্ষ্যে তারা পৌঁছাবেই।আগামীকালই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে ম্যানচেস্টার যাচ্ছে রিয়াল। তার আগে হোসে মরিনহোর দল কুড়িয়ে নিল টগবগে আত্মবিশ্বাস। গত মঙ্গলবার কোপা ডেল রেতে ৩-১ গোলে জেতার পর পরশু লিগেও বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। পাঁচ দিনের মধ্যে দু-দুটি এল ক্লাসিকো জয়—রিয়াল যেন উড়ছে।আর বার্সেলোনা? দুটি এল ক্লাসিকোতেই অসহায় আত্মসমর্পণ। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ২-০ গোলে হার। টানা তিনটি বড় ম্যাচে হেরে বার্সেলোনা বিধ্বস্ত। ১২ মার্চ মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচ। আশা বাঁচিয়ে রাখতে হলে যে ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে। কিন্তু সেই আশার ছবি আঁকতে সামনে তাকাতেই যেন টানা হারের ঝাপ্টা তাদের দৃষ্টিকে দিচ্ছে ঝাপসা করে।পরাজয় হতাশার, কিন্তু বার্সেলোনা যেভাবে হেরেছে সেটি আরও হতাশার। রক্ষণ যেন লখিন্দরের বাসর। প্রতিপক্ষ রক্ষণে এলেই ত্রাহি অবস্থা। প্রতিপক্ষের গোলমুখ খুঁজে পাচ্ছে না। মেসিকে ঠিকমতো চেনাই যাচ্ছে না। যদিও এ ম্যাচেও গোল করেছেন মেসি। বেনজেমার গোলটা কাটাকুটি হয়েছিল তাঁর গোলে। কিন্তু শেষ পর্যন্ত বার্নাব্যুতে বার্সার পরাজয়ই হয়েছে। দ্বিতীয় সারির দল নিয়েও রিয়াল মাদ্রিদ জেতে রামোসের গোলে। এ নিয়ে সর্বশেষ পাঁচটি এল ক্লাসিকোতে জয়হীন বার্সা। রিয়াল জিতল যার তিনটিতেই। এটাই বলে দিচ্ছে, প্রথমে পেরে না উঠলেও মরিনহো বার্সা-বধের টোটকা ভালোই আবিষ্কার করতে পেরেছেন।পরশুর হারের পর তুলে দিয়েছে এই প্রশ্নটাও, তবে কি বার্সেলোনার ‘টিকিটাকার’ দিন শেষ? নাকি নিয়মিত কোচ টিটো ভিলানোভার অনুপস্থিতিতে সহকারী জর্ডি রৌরা দলকে চালাতে পারছেন না? কোচসংকট হয়তো কিছুটা প্রভাব ফেলছে। তবে সেটাই একমাত্র কারণ নয়। এই প্রশ্নও উঠছে, তবে কি মেসি বড় ম্যাচে নেতিয়ে পড়েন? প্রশ্নটা অবশ্য ধোপে টেকে না। পরশু মেসি ছুঁয়ে ফেলেছেন এল ক্লাসিকোতে আলফ্রেডো ডি স্টেফানোর সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড। মৌসুমেও ৫০ গোল হয়ে গেল, যার ৩৯টি লিগে। তার পরও দায় মেসিদের নিতেই হবে। বার্সেলোনা তাই মিলান ম্যাচকে সামনে রেখে খুঁজে ফিরছে এ থেকে বেরিয়ে আসার পথ। বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা তাকাচ্ছেন ইতিবাচক দৃষ্টিতেই, ‘আমরা এই প্রতিযোগিতায় খুব ভালো অবস্থানে আছি। আমরা আশা ছাড়ছি না। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের খেলার ধরন এবং ধারণার প্রতি আমাদের আস্থা আছে।’ এএফপি, রয়টার্স।