উড়ছে লাতিন পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক, প্রশান্ত মহাসাগর আর ক্যারিবীয় সাগরের বাতাস এসে মিলেমিশে যায় এই ভূখণ্ডের ওপর। তিন সাগরের বাতাস মিলে কি এই ভূখণ্ডের উর্বরতা বাড়িয়ে দেয়? দক্ষিণ আমেরিকার আকাশ থেকে বৃষ্টি কি বিশেষ আশীর্বাদ নিয়ে ঝরে?তা-ই হবে। না হলে দারিদ্র্য-ক্ষুধাজর্জরিত এই মহাদেশে কেন ঘুরেফিরে জন্ম নেবেন পেলে, ম্যারাডোনা, ডি-স্টেফানো, গারিঞ্চারা! উপমহাদেশটির বিশেষ কোনো রহস্য না থাকলে এখানকার তিনটি দেশ কীভাবে জিতে নেয় নয়টি বিশ্বকাপ শিরোপা?দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে পৃথিবীর মুগ্ধতা, বিস্ময় আজকের নয়। ইউরোপের ঝাঁ-চকচকে সুবিধা, অর্থের ঝলকানির অনেক দূরে থেকেও এই মহাদেশটির খেলোয়াড়েরাই দীর্ঘকাল ধরে আধিপত্য করেন ইউরোপিয়ান ফুটবলে। বিশ্বকাপ এলেই এই বাংলাদেশেও শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনার জয়গান। নিকট অতীতের স্মৃতি বলে, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দাপট মানে আর্জেন্টিনা এবং প্রধানত ব্রাজিলের দাপট। ব্রাজিল একাই এ পর্যন্ত ৫টি বিশ্বকাপ জিতেছে। আট বছরের ব্যবধানে, ১৯৭৮ ও ১৯৮৬ সালে দুটি শিরোপা জিতেছে আর্জেন্টিনাও। লোকেদের অবশ্য মনে করিয়ে দিতে হয় যে এই বিশ্বকাপ নামক ট্রফিটি ব্রাজিল-আর্জেন্টিনা জেতার আগেই দুবার জিতেছিল উরুগুয়ে! এবার কাউকে আর কিছু মনে করিয়ে দিতে হচ্ছে না। আফ্রিকার প্রথম বিশ্বকাপে একেবারে পূর্ণ মহিমায় আবির্ভূত হয়েছে লাতিন আমেরিকার পাঁচটি দল। গতকালকের আগ পর্যন্ত এই পাঁচ লাতিন দল—ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে ছিল যার যার গ্রুপের এক নম্বর দল।ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি দুটি করে জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। গতকালকের আগ পর্যন্ত ৫ দল ১০টি ম্যাচের একটিতেও হারেনি; জিতেছে আট ম্যাচ! এমন গতি অব্যাহত থাকলে এবার বিশ্বকাপের সেমিফাইনাল হয়ে যেতে পারে গত বিশ্বকাপের ঠিক উল্টো—‘অল লাতিন সেমিফাইনালস’!লাতিনদের দোর্দণ্ডপ্রতাপ মুগ্ধ করেছে চিলির সাবেক তারকা ইভান জামোরানোকে, ‘লাতিন আমেরিকান ফুটবল দিন দিন আরও মর্যাদার আসনে আসীন হচ্ছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ফুটবলীয় ইতিহাসসমৃদ্ধ দেশগুলো আগে থেকেই বিশ্বকাপের প্রধান আকর্ষণ। কিন্তু এবার উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলির ফুটবলাররা প্রমাণ করেছে তারা যেকোনো সময়ের চেয়ে বেশি উজ্জীবিত আছে।’এখনো পর্যন্ত সম্ভবত এবারের বিশ্বকাপকেই লাতিনদের জন্য সবচেয়ে সফল বিশ্বকাপ বলা চলে। লাতিনদের মোহনীয় গতিতে মুগ্ধ প্রতিবেশী যুক্তরাষ্ট্রের তারকা ল্যান্ডন ডনোভানও, ‘ব্রাজিল-আর্জেন্টিনা সব সময়ই নিজেদের দাপট দেখায়। আমি এবার অভিভূত হয়ে গেছি চিলি ও প্যারাগুয়ে যেভাবে শুরু করল এবং প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে দিল, তা দেখে।’ দক্ষিণ আমেরিকারই খ্যাতনামা কোচ, বর্তমানে দক্ষিণ আফ্রিকার কাণ্ডারি আলবার্তো পাহেইরাও মানছেন, ‘দক্ষিণ আমেরিকানরা আরও একবার তাদের ফুটবলীয় শক্তি দেখিয়ে দিচ্ছে।’একদিকে ইউরোপের দেশগুলো, ফ্রান্স-ইংল্যান্ড-ইতালি, এমনকি জার্মানিও খাবি খাচ্ছে বিশ্বকাপে। অন্যদিকে লাতিনদের দাপট প্রশ্নটা আবারও সামনে নিয়ে এসেছে—বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দল আরও বাড়ানো উচিত কি না? দক্ষিণ আমেরিকার সাফল্যের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডিয়েগো ম্যারাডোনা এই প্রশ্নগুলোর দিকে আরেকবার আঙুল তুলে দিলেন, ‘দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ইউরোপেও শক্ত লড়াই হয়। কিন্তু তাদের আর কিছু না হোক, ফারো দ্বীপপুঞ্জের সঙ্গে জিতে আসার সুযোগ আছে। আর বাছাইপর্ব পার হতে না পারা দক্ষিণ আমেরিকার অনেক দলও বিশ্বকাপে আসার যোগ্যতা রাখে। ইকুয়েডরই তো এখন বিশ্বকাপে থাকতে পারত।’কিন্তু লাতিনদের এই প্রবল দাপট ১১ জুলাই ফাইনালে অনূদিত না হলে তো সবই মিথ্যে হয়ে যাবে!