উড়ছেন মরগান, উড়ছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই পরিচিত উদ্যাপনভঙ্গি...দুই হাত পাখির ডানার মতো দুই পাশে মেলে দৌড়ে যাওয়া। তবে এবার পাল্টে গেলেন কুশীলব। যাঁকে এই উদ্যাপনে দেখে অভ্যস্ত ক্রিকেট-বিশ্ব, সেই শোয়েব আখতারের ক্যাচ নিয়ে তাঁর মতোই উড়তে চাইলেন এউইন মরগান। এই ক্যাচেই শেষ হলো পাকিস্তানের ইনিংস, নিশ্চিত হলো ইংল্যান্ডের ম্যাচ ও সিরিজ জয়। দুই বল আগে সরাসরি থ্রোতে রানআউট করেছেন সাঈদ আজমলকে, এর আগে অসাধারণ এক সেঞ্চুরি করে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোয়, মরগান তো উড়তেই চাইবেন! এএফপি, ওয়েবসাইট।গত জুনে সাউদাম্পটনের এই রোজ বোলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ বলে অপরাজিত ১০৩ করে প্রায় একা জিতিয়েছেন দলকে। এর আগে মার্চে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচজয়ী অপরাজিত সেঞ্চুরি করে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। কালকের ইনিংসটা যেন মরগানকে প্রতিষ্ঠিত করল মাইকেল বেভানের ‘ইংলিশ সংস্করণ’ হিসেবে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন কি আর এমনি বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের এই বদলে যাওয়া চেহারার মূল রূপকার মরগান!’১৫ ওভারের শুরুতে যখন উইকেটে গিয়েছিলেন, ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৫৯। মাথার যন্ত্রণা নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন পল কলিংউডও। বিপর্যয়ে আরও একবার চওড়া হয়ে গেল মরগানের ব্যাট, আরও একবার প্রমাণ দিলেন মাত্র চব্বিশেও কতটা পরিণত তাঁর মস্তিষ্ক। এই বাঁহাতির ব্যাটে চড়ে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে গেল ইংল্যান্ড, ১০১ বলে ১০৭ রানের হার না মানা ইনিংস খেলে ফিরলেন মরগান। মাঝারি সংগ্রহটাকে পাকিস্তানের জন্য পাহাড়সম করে তুললেন স্টুয়ার্ট ব্রড (৩/২৫) ও গ্রায়েম সোয়ান (৩/২৬)। ৬৩ রানের উদ্বোধনী জুটির পরও পাকিস্তান গুটিয়ে গেল ১৩৫ রানে। শুধু মরগান নয়, পরশু উড়েছে আসলে পুরো ইংল্যান্ড দলই। নানা বিতর্কে ক্রিকেটীয় লড়াইয়ের বাইরে সিরিজটা হয়ে দাঁড়িয়েছিল দুই দলের মর্যাদার লড়াই। এতে জয়ের পাশাপাশি সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই গ্রীষ্মে টানা ছয়টি সিরিজ জিতল ইংল্যান্ড। সিরিজ জিতে তাই বিশ্বজয়ের উৎসব করল ইংলিশরা। সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু স্ট্রাউসের কণ্ঠেও থাকল সেই উচ্ছ্বাস, ‘দীর্ঘ একটা গ্রীষ্মের শেষ ভাগে এই সিরিজটা ছিল কঠিন একটা সিরিজ। গত কয়েক দিনে দল হিসেবে আমরা খুব অস্বস্তির মধ্যে ছিলাম। পরিস্থিতি আমাদের কাছে দাবি করছিল একতা এবং আমরা সেটা দেখিয়েছি। সিরিজ জেতায় দৃঢ়প্রতিজ্ঞা আজ আমরা মাঠে নেমেছিলাম। পাকিস্তানের শেষ উইকেটটা পড়ার পর আমাদের উল্লাস দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন সিরিজ জয়টা ছিল আমাদের কাছে কতটুকু!’৬৩.৪০ গড়ে ৩১৭ রান করে সিরিজ-সেরার পুরস্কার পাওয়া স্ট্রাউসের মতে, এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি ‘দলীয় ঐক্য’। এই প্রাপ্তিকে এখন কাজে লাগাতে চান অ্যাশেজে, ‘এই সিরিজটা প্রমাণ করেছে দলীয় ঐক্য কখনো কখনো কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টানা ছয়টি সিরিজ জিতলাম, আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আশা করি এই ঐক্য, একসঙ্গে লড়াই করার মানসিকতা অস্ট্রেলিয়ায় আমাদের কাজে লাগবে।’ইংল্যান্ডকে প্রাপ্য কৃতিত্বটা দিয়েছেন শহীদ আফ্রিদি। তবে পাকিস্তান অধিনায়ক ক্ষুব্ধ আম্পায়ারিং নিয়ে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কামরান আকমলের আউটটি ছিল আম্পায়ারের ভুল। লুক রাইটের বল প্যাডে লাগার আগে আকমলের ব্যাট ছুঁয়ে গেলেও এলবিডব্লু দেন আম্পায়ার ইয়ান গোল্ড। পাকিস্তান অধিনায়ক তাই দাবি করেছেন ওয়ানডেতেও রেফারেল পদ্ধতি প্রবর্তনের। স্ট্রাউস অবশ্য আফ্রিদির দাবির সঙ্গে একমত নন। ইংলিশ অধিনায়কের কণ্ঠে বরং আম্পায়ারদের জন্য ছিল সহানুভূতি।‘আল্লাহ বাঁচিয়েছেন, সিরিজটা শেষ’—হারের পরও পাকিস্তানের কণ্ঠে ছিল স্বস্তি। তবে এই স্বস্তি কত দিন থাকবে কে জানে! মাঠে বাজে পারফরম্যান্স, মাঠের বাইরের বিতর্ক—পাকিস্তানকে দেশে ফিরতে হবে মাথা নিচু করে। মাঠের লড়াই এত দিন তবু কিছুটা হলেও আড়াল করতে পেরেছে বিতর্ক, কিন্তু এখন মুখোমুখি হতে হবে কঠিন বাস্তবতার। আফ্রিদি অবশ্য বলছেন, ‘যারা অন্যায় করেছে, শঙ্কা তাদের। যারা করেনি, তাদের ভয় কিসের!’