উড়ছেন ম্যারাডোনা
বাবা হোর্হেকে একটা ধন্যবাদ দিতেই পারেন গঞ্জালো হিগুয়েইন। দিতে পারেন কি, দেওয়া তাঁর অবশ্যকর্তব্য। নাকি ধন্যবাদটা এরই মধ্যে দিয়ে দিয়েছেন? কাল যে প্রতিটা সুযোগ টায়েটায়ে কাজে লাগালেন, সে তো বাবার পরামর্শের বদৌলতেই।প্রথম ম্যাচে সুযোগের চূড়ান্ত অপচয় করেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে। ছেলেকে সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হতে দেখে হোর্হে নিজেই মঙ্গলবার এসেছিলেন আর্জেন্টিনার অনুশীলনে। বোকা জুনিয়র্স, রিভারপ্লেট দুই প্রধান আর্জেন্টাইন ক্লাবেই খেলা হোর্হে ডিফেন্ডার ছিলেন। কিন্তু কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকেই জানেন, ছেলের সমস্যা হচ্ছিল কোথায়। সেই অনুযায়ী দিয়েছেন দাওয়াই। সে যে কতটা অব্যর্থ মহৌষধ, কাল সেটিই প্রমাণ করে দিলেন গঞ্জালো হিগুয়েইন। ৩৩, ৭৬, ৮০ মিনিটে তিনটি গোল করে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডিয়েগো ম্যারাডোনা অবশ্য শুরুতে পুরো দলকেই অভিনন্দিত করলেন, ‘যে অসাধারণ কাজটা ওরা ঠিকঠাকমতো করেছে সে জন্য ছেলেদের প্রশংসা আমাকে করতেই হবে। পুরো ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে দক্ষিণ কোরিয়া কেবল তখনই সুযোগ পেয়েছে, যখন আমরা ওদের সেই সুযোগটা দিয়েছি।’বোঝাই যাচ্ছে, চাঁদের মতো ঝলমলে ম্যাচটায় একটাই কলঙ্ক ম্যারাডোনাকে পোড়াচ্ছে। ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসের শিশুতোষ ভুলের সুযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার একটা গোল শোধ করা। ‘আমরা যখন ওদের পায়ে বল রাখতে দিয়েছি, কিংবা বেশি জায়গা দিয়ে ফেলেছি ওদের খেলার জন্য; কিংবা ধরুন যখন আমরা কোনো ভুল করেছি, যেমনটা ডেমিচেলিস করেছে, ওরা তখনই কেবল সুযোগ পেয়েছে। তবে ওদের নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন ছিলাম না। আমাদের ভোগানোর সামর্থ্যই তো ওদের নেই।’ তাই বলে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডারের ওপর কোনো রাগ কিন্তু ম্যারাডোনার নেই, ‘এ রকম ভুল তো মানুষই করে। এমনটা হতেই পারে। বরং এই ভুলটা আমাদের আরও প্রতিজ্ঞাবদ্ধ, আরও শক্তিশালীই করেছে। ওই একটা ভুল বাদে ম্যাচে তো দক্ষিণ কোরিয়া ছিলই না।’এই ম্যারাডোনা একটু অহংকারী। তা তো হবেনই। ক্লাসের ভালো ছাত্রটির এমন অহংকারই থাকে। তা ছাড়া এই ম্যাচে বদলি হিসেবে যাঁদের নামিয়েছিলেন, তাঁরাও দারুণ খেলেছে। হুয়ান ভেরনের অনুপস্থিতিটা টের তো পাওয়া যায়ইনি, উল্টো দলে জায়গা ফিরে পেতে ভেরনকে এখন লড়াইই করতে হবে। ভালো খেলেছেন বদলি হিসেবে নামা জামাই সার্জিও আগুয়েরোও। ম্যারাডোনার কণ্ঠ তাই আমুদে, ‘আমার কাছে ২৩ জন সেরা খেলোয়াড় আছে, যারা প্রত্যেকেই জার্সি পরে মাঠে নামার জন্য সব সময়ই প্রস্তুত। এমনটা হলে আপনি তো নির্ভার জীবনযাপনই করবেন, মনে বিরাজ করবে অপার শান্তি।’বয়স মাত্র ২২। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের এক নম্বর স্ট্রাইকারের দায়িত্ব পালন করতে হয়। হিগুয়েইন তাই বয়সের তুলনায় অনেক পরিণত। জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের মতো আসরে হ্যাটট্রিক করার জন্য ভেতরে ভেতরে কৈশোর মন হয়তো আনন্দে ভিজে যাচ্ছে। কিন্তু বাইরে সেটার প্রকাশ নেই। ‘দলের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। আমরা এভাবেই খেলে যেতে চাই’—আবেগের স্রোতে বাঁধই দিয়ে রাখলেন ম্যাচের সেরা খেলোয়াড়।ওদিকে দক্ষিণ কোরিয়ার কোচ ম্যারাডোনার সঙ্গে তাঁর ‘ফিরতি ম্যাচে’ও বড় পরাজয় নিয়ে ফিরলেন। হু জুং-মু একরকম স্বীকারই করে নিলেন, আর্জেন্টিনা তাদের এই ম্যাচে অনেক কিছু শিখিয়েছে। আর সেই শিক্ষা পরের ম্যাচে কাজে লাগাতে চান তাঁরা। এএফপি, রয়টার্স।