ওয়ানডে ক্রিকেটে ২০১১ সালটা পাকিস্তানের জন্য বিশেষ স্মরণীয়। ওই বছর নিজেদের সর্বোচ্চ ছয়টি সিরিজ জিতেছিল তারা। সেই সাফল্যকেও এবার ছাড়িয়ে গেল মিসবাহ-উল-হকের পাকিস্তান। পরশু শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়ে গড়ল এক বছরে ৭টি সিরিজ জয়ের নতুন রেকর্ড।
রেকর্ড বইয়ে দাগ কেটেছেন মোহাম্মদ হাফিজও। কিংবদন্তি জহির আব্বাসের পর পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে তিন সেঞ্চুরি করলেন দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার। পাকিস্তানের পক্ষে এক পঞ্জিকাবর্ষে মোহাম্মদ ইউসুফের (২০০৬) সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন। চলতি সিরিজের আগে সর্বশেষ ছয় ম্যাচে ৮৮ রান করা হাফিজ কী দুর্দান্তভাবেই না বদলে ফেললেন নিজেকে। পরশু তাঁর অপরাজিত ১১৩ রানের ইনিংসটি ধরে চলতি সিরিজে তাঁর রান দাঁড়াল ৪০৭, গড় ২০৩.৫০!
আগের দুই জয়েও ছিলেন ম্যাচসেরা। এই ম্যাচেও যথারীতি ম্যান অব দ্য ম্যাচ হাফিজ। তবে আবুধাবিতে পাকিস্তানের এই ৮ উইকেটের জয়ে অবদান আছে দুই বোলারেরও—উমর গুল (৩/৩৭) ও সাঈদ আজমল (৪/৩৯)। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা ২২৫ রানে অলআউট। যা ৮.৫ ওভার হাতে রেখেই ২ উইকেটে টপকে যায় পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে ৩-১-এ। ম্যাচ শেষে উচ্ছ্বসিত অধিনায়ক মিসবাহ, ‘সত্যিই সন্তুষ্ট হওয়ার মতো পারফরম্যান্স এটা। সিরিজ জয় আমাদের দিয়েছে আনন্দ, বাড়িয়েছে আত্মবিশ্বাস। নতুন বলে উইকেট নিয়ে গুলই সঠিক শুরুটা দিয়েছিল দলকে। অন্যদের বোলিংও ভালো হয়েছে, ভালো হয়েছে ব্যাটিংও।’
একই ভেন্যুতে সিরিজের শেষ ওয়ানডেতে আজ পাকিস্তান পাচ্ছে না শহীদ আফ্রিদিকে। মেয়ের অসুস্থতার খবরে কালই পাকিস্তান উড়ে গেছেন এই অলরাউন্ডার। এএফপি, ক্রিকইনফো।