উড়ন্ত ভারত, উদ্ভ্রান্ত অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের মাঝামাঝি এসে অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে দুই দল। বীরেন্দর শেবাগকে ছাড়া নামছে ভারত, কিন্তু দল নিরুদ্বেগ। বরং বইছে স্বস্তি আর নতুন সম্ভাবনার হাওয়া। অস্ট্রেলিয়া নামছে টিকে থাকার লড়াইয়ে। কিন্তু আহত সিংহের মতো গর্জন করবে কী, মাইকেল ক্লার্কের দল নামছে জোড়াতালি দেওয়া একাদশ নিয়ে। চারজনকে বহিষ্কার করেছে তারা, আজ মোহালির একাদশে থাকতে পারতেন যে চারজনই!পেশাদার খেলায় টানা জয়ের মহিমা আর টানা হারের প্রভাব আসলে এমনই। টানা জয় ছোটখাটো দুঃখ-কষ্ট, হতাশাকে ঢেকে একটা দলকে সুখী পরিবার করে তোলে। টানা হারে তেমনি সূক্ষ্ম ফাটলগুলোকে বড় করে তোলে, প্রকাশ্যে নিয়ে আসে অনেক যন্ত্রণা। পেশাদারির চূড়ান্ত বলে মনে করা হয় যাদের, সেই অস্ট্রেলিয়া শিবিরেই এখন গৃহদাহ। প্রস্তুতিতে প্রভাব পড়েছে, মানসিকতায়ও প্রভাব পড়তে বাধ্য। তবে এই উত্তাপের আঁচ সবচেয়ে বেশি লেগেছে অস্ট্রেলিয়ার একাদশে। বাঁচা-মরার লড়াইয়ে যুৎসই ট্যাকটিস নিয়ে মনমতো একটা একাদশ সাজাবে কী, ১১ জন মাঠে নামাতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ১৬ জনের দল থেকে চারজন বাদ, আর বাস্কেটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেল মচকে ফেলেছেন ম্যাথু ওয়েড। হাতে ছিল তাই মাত্র ১১ জন। পরশু রাতে ব্র্যাড হাডিন দলের সঙ্গে যোগ হয়েছেন বলে রক্ষে, অন্তত একজন দ্বাদশ ব্যক্তি রাখতে পারছে অস্ট্রেলিয়া!তবে পরিকল্পনা করে একাদশ নামানোর সুযোগই নেই। চেন্নাইয়ের স্পিনস্বর্গে তিন পেসার নিয়ে নামা অস্ট্রেলিয়া তাই আজ ভারতের সবচেয়ে পেসবান্ধব উইকেটে নামছে দুই পেসার নিয়ে। আসলে নামতে বাধ্য হচ্ছে। সিরিজে দলের সেরা বোলার জেমস প্যাটিনসন বহিষ্কারের তালিকায়, সঙ্গে সবচেয়ে অভিজ্ঞ মিচেল জনসনও। দলে পেসারই আছে আর দুজন! স্টিভ স্মিথকে ব্যাটিং করানো হচ্ছে ছয়ে। উসমান খাজাও শৃঙ্খলার বলি, প্রথম দুই টেস্টে জঘন্য পারফরম্যান্সের পরও টিকে যাচ্ছেন ফিল হিউজ। ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসছেন মাইকেল ক্লার্ক। তবে তিনে না চারে খেলবেন, সেটা খোলাসা করেননি। আর গ্লেন ম্যাক্সওয়েলের বদলে সম্ভবত ঢুকছেন নাথান লায়ন।গৌতম গম্ভীর বাদ পড়েছিলেন আগেই। সিরিজের মাঝামাঝি বাদ পড়েছেন ভারতের সফলতম উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী বীরেন্দর শেবাগও। আজ ভারত নামছে নতুন ওপেনিং জুটি নিয়ে। মুরালি বিজয়ের সঙ্গী শিখর ধাওয়ান। প্রায় নয় বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার পর আজ স্বপ্ন পূরণ হচ্ছে ধাওয়ানের। রঞ্জি-ইরানি ট্রফি মিলিয়ে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে জায়গা পেয়েছিলেন দলে, শেবাগ বাদ পড়ায় আজ পাচ্ছেন টেস্ট ক্যাপও।একাদশ পরিবর্তনে ধোনির বরাবর অনীহা। প্রজ্ঞান ওঝা কেন বাইরে আর কেন খেলছেন হরভজন, এই প্রশ্ন তাই আজ ওঠার সম্ভাবনা বেশি।এই মাঠে দুই দলের সর্বশেষ টেস্ট (২০১০) দেখেছিল রোমাঞ্চকর এক লড়াই। দারুণ এক ইনিংস খেলে ভারতকে ১ উইকেটে জেতানো ভিভিএস লক্ষ্মণ আজ থাকবেন ধারাভাষ্যকক্ষে। আর ওই ম্যাচের আরেক নায়ক থাকবেন না থেকেও। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি সেই ম্যাচেই করেছিলেন শেন ওয়াটসন, দ্বিতীয় ইনিংসেও করেছিলেন ৫৬। অস্ট্রেলিয়া ভালো করুক আর না করুক, ‘হোমওয়ার্কগেট’ বিতর্ক তো বারবারই এই নামটাকে তুলে আনবে! ওয়েবসাইট।