রেকর্ডের পেছনে মেসি নন, রেকর্ডই দৌড়াচ্ছে মেসির পেছনে! গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২ গোল করে এক ম্যাচেই গড়েছেন একটি রেকর্ড, ছুঁয়েছেন আরেকটি। আর্জেন্টাইন তারকা পরশু গড়লেন আরেক কীর্তি। রিয়াল জারাগোজার বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলের জয়ে ২ গোল করে মৌসুমে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৬০-এ! ৪০ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপে এক মৌসুমে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন জাদুকর।আর ৭টি গোল হলেই ছুঁয়ে ফেলবেন জার্ড মুলারকে। জার্মান কিংবদন্তি বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭২-৭৩ মৌসুমে করেছিলেন ৬৭ গোল। লিগে আরও ৭ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে অন্তত ২ ম্যাচ (সেমিফাইনাল) এবং কোপা ডেল রের ফাইনালসহ ১০ ম্যাচ বাকি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলে ১১ ম্যাচ। যে হারে গোল করছেন, তাতে মুলারকে টপকে যাওয়াটা মেসির জন্য শুধুই সময়ের ব্যাপার! সর্বশেষ ১২ ম্যাচেই করেছেন ২৩ গোল!এই তথ্যই বলছে, মেসি উড়ছেন। উড়ছে বার্সেলোনাও। একসময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়া পেপ গার্দিওলার দল এখন রিয়ালের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। পরশুর জয়ে পয়েন্ট ব্যবধান নেমে দাঁড়িয়েছে তিনে! অবশ্য কাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে থাকলে আবার ৬ পয়েন্টেই এগিয়ে গেছে রিয়াল। রিয়াল কী করেছে সেটা পরের ব্যাপার। জারাগোজার বিপক্ষে জয় একসময় শিরোপার আশা ছেড়ে দেওয়া গার্দিওলাকেও নতুন করে দেখাচ্ছে শিরোপা-স্বপ্ন। খেলোয়াড়দের প্রতি বার্সা কোচের আহ্বান, চাপটা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, ‘বাকি ১০ কিংবা ১১টি ম্যাচে আমাদের সবটুকু ঢেলে দিতে হবে।’চ্যাম্পিয়নস লিগে মিলানের বিপক্ষে বড্ড হ্যাপা গেছে। সামনেও আবার ব্যস্ত সূচি। সুযোগ বুঝে গার্দিওলা তাই অবনমন এলাকার দল জারাগোজার বিপক্ষে জাভি ও সার্জিও বুসকেটসকে প্রথমার্ধে নামাননি। জাভিকে খেলিয়েছেন যোগ করা সময়ের ৪ মিনিট। ইনিয়েস্তাকে দিয়েছেন বিশ্রাম, চোটের কারণে খেলেননি জেরার্ড পিকে। শুরুতে তাই বার্সেলোনাও ছিল অগোছালো। উল্টো দিকে অবনমন এড়ানোর তাগিদে জারাগোজা নিজেদের মাঠে ছিল উজ্জীবিত। আগের তিন ম্যাচেই জেতা জারাগোজা গোলের সুযোগও তৈরি করেছে প্রথম। ২৪ মিনিটে পেয়ে যায় পেনাল্টিও। কিন্তু কার্লোস আরান্দার শট রুখে দেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেজ। ৬ মিনিট পর এই আরান্দাই জারাগোজাকে এগিয়ে দিয়ে পেনাল্টির দায়মুক্ত হন।৩৬ মিনিটে বার্সাকে সমতায় ফেরান অধিনায়ক কার্লোস পুয়োল। এতে দায় আছে জারাগোজার গোলরক্ষক রবার্তোর। কর্নারের বল থামাতে গিয়ে রবার্তো ফেলেন পুয়োলের পায়ে। পুয়োল জালে জড়াতে ভুল করেননি। ৩৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। বিরতির ঠিক আগ মুহূর্তে মিনেরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে জারাগোজা হয়ে পড়ে ১০ জনের দল। তাদের কোচও বহিষ্কৃত হয়ে ডাগ-আউট ছেড়ে যান। তার পরও তারা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে লড়েছে। কিন্তু ৮৬ মিনিটে অ্যালেক্সিস সানচেজের আদায় করা পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি। যোগ করা সময়ে মেসির পাস থেকেই পেদ্রো করেন ৪-১। পেদ্রোর গোলটি এই মৌসুমে সব প্রতিয়োগিতা মিলিয়ে বার্সেলোনার ১৬১তম গোল। দিনের বড় জয়টি অবশ্য পেয়েছে রায়ো ভায়োকানো। আগের ম্যাচে রিয়ালের কাছে ৫-১ গোলে হারা ওসাসুনাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এএফপি, রয়টার্স।