উড়ন্ত হল্যান্ডের সামনে লড়াকু উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার, আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে জার্মানির ইতিহাস গড়ার রাতে নতুন এক ইতিহাস গড়ে ফেলেছে কেপটাউনও। তিন লাখ মানুষ নগরকেন্দ্রে সারা রাত নেচেছে, গেয়েছে, পান করেছে। কেপটাউন তার ক্রীড়া ইতিহাসে এত মানুষের এত বড় উদ্যাপন আগে কখনো দেখেনি।এখানকার সব পত্রিকা ফলাও করে খবর ছেপেছে, হল্যান্ড-উরুগুয়ে সেমিফাইনালের পর আজও এ রকম জমকালো উদ্যাপন হবে। উল্লাসে মেতে উঠবে সাগর-পাহাড়ে ঘেরা এই মায়াবী শহর। নগরপ্রধান কাইলি হ্যাটন আশায় আশায় সময় গুনছেন।আশাটা হয়তো মরীচিকা। এখানে সেমিফাইনাল খেলার কথা ছিল ব্রাজিলের। ব্রাজিল এলে যে উৎসব হতো, হল্যান্ড বা উরুগুয়ে তা দিতে পারে নাকি! ব্রাজিলিয়ান সাম্বার অপেক্ষায় বসে ছিল প্রায় সবাই। কিন্তু অপ্রত্যাশিতভাবে সাম্বা কোয়ার্টার ফাইনালে খুন হলো হল্যান্ডের হাতে। উরুগুয়েকেই বা কে চেয়েছে? লুই সুয়ারেজের ওই ‘হ্যান্ডবল-কীর্তি’ না হলে এখানে আফ্রিকান আবেগ নিয়ে আসে ঘানা। আরও জমকালো হয় উৎসব। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে সুয়ারেজের ওই হ্যান্ডবল পেনাল্টি উপহার দেয় ঘানাকে। কিন্তু সেই পেনাল্টি মিস করলেন আসামোয়া জিয়ান, মূলত যাঁর আগের দুটি পেনাল্টি গোলের সিঁড়ি বেয়েই ঘানা উঠেছিল কোয়ার্টার ফাইনালে। জিয়ান পেনাল্টি মিস করেছেন; কিন্তু ঘানার কাছে, পুরো আফ্রিকার কাছে খলনায়ক হয়ে গেছেন লাল কার্ড পাওয়া সুয়ারেজ। তা নিয়ে অবশ্য ভাবতে বয়েই গেছে তাঁর, স্বাগতিক মহাদেশের পতাকা কেড়ে নিয়ে লাতিন আমেরিকার পতাকা ওড়াল তো উরুগুইয়ানরাই!উরুগুয়ের কাছে এখন বড্ড ভারী মনে হতে পারে এই পতাকা। সুয়ারেজ নেই, মিডফিল্ডার নিকোলাস লোডেইরোকে কেড়ে নিয়েছে ইনজুরি, অধিনায়ক ডিয়েগো লুগানো ডান অ্যাঙ্কেলে চোট নিয়ে সংশয়গ্রস্ত। সামনে ইউরোপিয়ান পরাশক্তি হল্যান্ড। ১৯৭৪ ও ১৯৭৮ পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা হল্যান্ড অবশ্য এর আগ পর্যন্ত প্রথম দিকে শক্তি প্রদর্শন করে শক্তিহীন হয়ে ঢলে পড়েছে অকালেই। কিন্তু এই হল্যান্ডকে এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী লাগছে, যতটা হলে সম্ভাব্য চ্যাম্পিয়নের তকমা গায়ে উঠে যায়, ঠিক ততটা।সংবাদ সম্মেলনে জিওভানি ব্রঙ্কহর্স্টকে প্রশ্ন করা হয়েছিল, এই ডাচ দল যে সবাইকে একটু অবাক করে দিয়ে সেমিফাইনালে উঠল, এই দলের সবচেয়ে বড় শক্তির দিক মনে হচ্ছে কোনটি? গালে আঙুল বুলিয়ে খানিক ভাবলেন হল্যান্ড অধিনায়ক। না, তিনি স্নাইডার-রোবেন-ফন পার্সি-কিউট-ফন ডার ফার্টের গড়া আক্রমণফলার কথা বলেননি। বলেননি গোলপোস্টের নিচে স্টেকেলেনবার্গের বিশ্বস্ততা, রক্ষণে হেইটিঙ্গা, মাথিসেনদের প্রতিরোধের কথা। বলেছেন, ‘আমাদের মধ্যে দারুণ এক আত্মবিশ্বাস কাজ করছে। আমরা ঐক্যবদ্ধ। আমরা খেলার আগে শপথ নিই, গোল খাওয়া যাবে না। খেলার মধ্যে শপথ নিই, গোল খেলে তা দ্রুতই ফিরিয়ে দেব।’ ব্রাজিলের বিপক্ষে এই মন্ত্রই যখন কাজ করল, উরুগুয়ে তো তাহলে বাধাই নয়।কোচ বার্ট ফন মারউইকের সঙ্গে তুলনা চলে আসছে টোটাল ফুটবলের জনক রাইনাস মিশেলসের। রাইনাস মিশেল ক্রুইফ-নেসকিন্সদের দিয়ে অসাধারণ আক্রমণাত্মক ফুটবলের বিপ্লব ঘটিয়েছিলেন। তুলনাটা ঠিক সেদিক দিয়ে নয়। তুলনা আসছে দুর্দমনীয় একটা দল গড়ে তোলায়। বাছাইপর্বে সব কটি ম্যাচ জিতেছে হল্যান্ড। বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচ। টানা ২৪টি ম্যাচ অপরাজিত। যেন রাইনাস মিশেলসের সেই দলের পুনর্জন্ম। যদিও ইয়োহান ক্রুইফ এই ডাচ দলের খেলা দেখে মোটেই পুলকিত নন। বন্ধনহীন আক্রমণই ডাচ ফুটবলের প্রতীক। এই দলে সেটি কোথায়? মারউইক ব্যাখ্যা দিচ্ছেন, ‘আগে আমরা গোল করার দিকে মনোযোগী হয়ে রক্ষণে উদাসীন থাকতাম। নিজেদের সর্বনাশ করতাম নিজেরাই। এখন আমরা গোল করতে চাই, গোল না খেতেও প্রতিজ্ঞাবদ্ধ থাকি। তবে সুন্দর ফুটবল খেলার ইচ্ছেটাও বিসর্জন দিইনি।’উরুগুয়েও আক্রমণাত্মক উন্মুক্ত ফুটবল খেলে। এটা আজ হয়তো হল্যান্ডকে ৪-২-৩-১ ছক বদলে আরও আক্রমণাত্মক হতে উদ্বুদ্ধ করবে। দারুণ এক ম্যাচেরই আভাস ছড়িয়ে পড়েছে কেপটাউনের নোনা হাওয়ায়।হল্যান্ড বলছে, তাদের শক্তি হচ্ছে ঐক্য, আগের মতো বিভেদের চোরাবালি নেই দলের মধ্যে। তারা বলছে, তাদের শক্তি আত্মবিশ্বাস ও লড়াকু চেতনা। উরুগুয়েরও তো তা-ই। উরুগুয়ের সাংবাদিকেরা বলছেন, এই দলের মধ্যে যেন দেখা যাচ্ছে আগের সেই ‘গারা চারুয়া’। এটা আবার কী জিনিস? তাদের পূর্বপুরুষ ইন্ডিয়ান আদিবাসীর লড়াকু চেতনা। উরুগুয়ের সর্বশেষ প্রজন্মের শিল্পী ফুটবলার এঞ্জো ফ্রান্সেসকোলি এসেছেন দক্ষিণ আফ্রিকায়। তিনি মুগ্ধ ডিয়েগো ফোরলান, লুই সুয়ারেজদের লড়াই দেখে। ‘এই দলটি সত্যিই অন্য রকম। এদের ৩ জন রক্ষণ সামলায়, ৩ জন আক্রমণে থাকে। এরা ঝুঁকি নিতে জানে। আমরা ঝুঁকি নিতে ভয় পেতাম বলে উরুগুয়েকে কিছু দিতে পারিনি’—অতীতে ফিরে আত্মবিশ্লেষণ করেছেন ফ্রান্সেসকোলি, যে অতীতে উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০-এর চ্যাম্পিয়ন। সেমিফাইনালে উঠেছে আর দুবার (১৯৫৪ ও ১৯৭০)। আবার সেই অতীতে দুবার এক যুগ বিরতি পড়েছে বিশ্বকাপে খেলায়।৬০ বছর পর আবার কি শিরোপামঞ্চে দাঁড়াবে উরুগুয়ে? নাকি ৩২ বছর পর হল্যান্ড? এই দুটি বাক্য যখন লিখছি, কমলা জার্সি পরা ডাচ সমর্থকদের বিরাট একটা দল রাস্তা দিয়ে হুল্লোড় তুলে চলে গেল। উৎসব আগেই শুরু হয়ে গেল নাকি ডাচদের!