উড়ে এসে জুড়ে বসা আর নয়
নির্বাচনের সময় হঠাৎ কেউ একজন দৃশ্যপটে হাজির হলেন। নিবেদিতপ্রাণ সংগঠকেরা তাঁকে দেখে অবাক, কে ইনি! কদিন পরই দেখা গেল, খেলাটির সঙ্গে আগে থেকে জড়িত না থেকেও ওই লোকটিই হয়ে গেলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
উদাহরণ খুঁজতে বেশি পেছনে যেতে হবে না। বছর দেড়েক আগে সাঁতার ফেডারেশনের নির্বাচনে মোহাম্মদ রফিজ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়ে গেলেন। ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্টতা দূরে থাক, সাঁতার অঙ্গনের কেউ তাঁকে সেভাবে চিনতেনও না। এর আগে দাবা ফেডারেশনেও একই ঘটনা ঘটেছে।
নির্বাচন এলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার ‘অলংকৃত’ করতে পারার উদাহরণ রয়েছে ভূরি ভূরি। সাঁতারেই এটা বেশি। এর আগে বিএনপি-জামায়াত জোটের গত সরকারের সময় বিস্ময়করভাবে বগুড়ার তরুণ আমিনুল ইসলাম (সজল) সাঁতারের সাধারণ সম্পাদক হয়ে আসেন। সরকার বদলের পর সাঁতার অঙ্গনে তিনি পরিণত হন ডুমুরের ফুলে। অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই ‘সংস্কৃতি’র উৎপাত চলছে। কেউ এসে দখল করেন, আবার কাউকে এনে বসিয়ে দেওয়া হয়।
এ অস্বাস্থ্যকর প্রবণতা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখার জন্য একটি কমিটি করেছে। এনএসসির সচিব শিবনাথ রায় ১১ সদস্যের এই কমিটির আহ্বায়ক। এনএসসির আরও তিনজন আছেন কমিটিতে, আছেন বিভিন্ন ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা। কমিটির তৈরি করা খসড়া প্রস্তাবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ক্রীড়া ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হতে চাইলে ওই সংস্থার নির্বাহী কমিটির যেকোনো পদে কমপক্ষে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিকভাবে আট বছরের কথা ভাবা হলেও তা কমিয়ে আনা হয়েছে। এই খসড়া অনুমোদিত হলে হঠাৎ এসে কোনো ফেডারেশনের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ চেয়ারে বসার পথ বন্ধ হবে।
এনএসসির অধিভুক্ত একাধিক ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও হতে পারবেন না কেউ। বর্তমানে অনেকেই একাধিক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রয়েছেন। কাবাডির নজরুল ইসলাম যেমন মুন্সিগঞ্জ ডিএসএ (জেলা ক্রীড়া সংস্থা) এবং সাঁতারের রফিজ উদ্দিন গাজীপুর ডিএসএরও সাধারণ সম্পাদক। ভারোত্তোলনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ একসময় ভারোত্তোলনের সঙ্গে জিমন্যাস্টিকস, আর্চারির সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ একইভাবে খো খো ফেডারেশনেরও সাধারণ সম্পাদক ছিলেন।
সবাইকে ছাপিয়ে আশিকুর রহমান (মিকু)। এই সংগঠক এখন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। নড়াইল ডিএসএ, বিতর্কিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক। হালে বিওএর উপমহাসচিবও হয়েছেন। নতুন নীতিমালা পাস হলে তিনি নড়াইল জেলা ক্রীড়া সংস্থা বা ভলিবল ফেডারেশনের একটিতে থাকতে পারবেন। নড়াইল ছাড়লে স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফোরাম-অধ্যায়েও দাঁড়ি পড়বে। তবে নড়াইলকে ধরে রাখলে ফোরামে থাকতে পারবেন, কেননা ফোরাম এনএসসির অধিভুক্ত নয়।
একাধিক সংস্থার সাধারণ সম্পাদক পদে থাকা নিয়ে প্রস্তাবিত আইনের বিরোধিতা করেছেন কমিটিরই সদস্য আশিকুর রহমান। তাঁর যুক্তি, ‘আমি বিরোধিতা করেছি। কারণ জেলার লোকেরা ঢাকায় কথা বলার সুযোগ পায় না। এই আইন পাস হলে জেলার কণ্ঠস্বর কমে আসবে।’ তবে সংখ্যাগরিষ্ঠের কাছে হার মেনেছেন তিনি, ‘ক্রীড়াঙ্গনের বৃহত্তর স্বার্থে আমি এটা মেনে নিয়েছি।’
অ্যাডহক বা অস্থায়ী কমিটির ক্ষেত্রেও আসছে কঠিন বিধান। ৯০ দিনের মধ্যে অ্যাডহক কমিটিকে নির্বাচন করতেই হবে। প্রয়োজনে কমিটির মেয়াদ বেশি হলেও এক মাস বাড়তে পারে। তার পরও নির্বাচন দিতে ব্যর্থ হলে নতুন অ্যাডহক কমিটি করে দ্রুত নির্বাচন দেবে এনএসসি। তাৎপর্যপূর্ণ হলো, প্রস্তাবিত নতুন নিয়মে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন না। এতে অ্যাডহক কমিটিতে থাকা নিয়ে ‘লড়াই’ অনেকটা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে কমিটির আহ্বায়ক শিবনাথ রায় বলছেন, ‘ফেডারেশনগুলোকে গতিশীল করতেই উদ্যোগটা নিয়েছে সরকার। আমরা যেসব প্রস্তাব করছি, তা কার্যকর হলে আশা করি ক্রীড়াঙ্গন এর সুফল পাবে।’