গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধু ড্র করলেই চলত। কিন্তু এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকিতে বাংলাদেশ কাল ম্যাকাওকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে, জয় ১৩-০ গোলে। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন আশরাফুল ইসলাম। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ২৬ নভেম্বর সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। সেই প্রতিপক্ষ সিঙ্গাপুর নাকি শ্রীলঙ্কা, সেটি নিশ্চিত হবে আজ।
প্রতিপক্ষ দুর্বল। জয়টা অনুমিতই ছিল। এ জন্যই কোচ অলিভার কার্টজ দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় জিমি ও চয়নকে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু দলের মূল দুই খেলোয়াড়কে ছাড়াই গোল উৎসব করল বাংলাদেশ। ম্যাচের ২ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল উৎসবের শুরু আশরাফুলের স্টিকে। ১০ ও ১১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই ডিফেন্ডার। আশরাফুল বাকি দুটি গোল করেন ৪০ ও ৫৮ মিনিটে। সারোয়ার হোসেন তিনটি গোল করেছেন ২৩, ৬১ ও ৬৩ মিনিটে। রোমানের গোল দুটি হয়েছে ১৯ ও ৬২ মিনিটে। নিলয় ৩৫ মিনিটে, কৌশিক ৬৯ মিনিটে এবং যোগ হওয়া সময়ে গোল করেন খোরশেদ।