
এক দিনেই যেন বদলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিরচেনা পরিবেশ। চারপাশে থিকথিকে ভিড় নেই। রাস্তায় পসরা সাজিয়ে হাঁকডাক নেই ভ্রাম্যমাণ ফেরিওয়ালার। নানা রকম পণ্যের বারোয়ারি বাজারটাও উধাও। মহাসড়কের মতোই থেমে থাকা গাড়িগুলো যানজট তৈরি করছে না স্টেডিয়ামের ভেতরের রাস্তায়। চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। দেশি-বিদেশি খেলোয়াড়দের আনাগোনাই বলে দিচ্ছে ঢাকায় শুরু হয়েছে চতুর্থ রোলবল বিশ্বকাপ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুরুষ দল ১৯-১ গোলে হারিয়েছে হংকংকে।
বিকেল তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের ম্যাচ। কিন্তু নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেনি আয়োজকেরা। সকালে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রোলবোল কোর্টের ওপর মঞ্চ তৈরি করে। বিকেলেও সেই মঞ্চ সরিয়ে কোর্ট প্রস্তুত করা যায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের খেলা সরিয়ে নেওয়া হয় পাশের হ্যান্ডবল স্টেডিয়ামে। বিকেল পৌনে পাঁচটায় শুরু হয় ম্যাচ।
১৫ সেকেন্ডেই গোল খেয়ে বসে বাংলাদেশ! এই গোলটাই বাংলাদেশের খেলোয়াড়দের জাগিয়ে দিয়েছে। এরপর বল নিয়ে হংকংয়ের সীমানায় ঢুকেছে আর মুড়ি-মুড়কির মতো গোল করেছে দল। বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা দ্বীন হাসান হৃদয়। রায়েরবাজার ইউসেপ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রের গোল সর্বোচ্চ ৯টি। আন্তর্জাতিক কোনো আসরে এটাই তাঁর সেরা সাফল্য। ম্যাচ শেষে তাই হৃদয়ের মুখে হাসি, ‘খেলা শুরুর আগে ভাবতেও পারিনি যে এতগুলো গোল দেব। এই সাফল্য পরের ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’
ম্যাচ শেষ হতেই জাতীয় পতাকা হাতে সারি বেঁধে স্কেটিং করলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। গ্যালারিতে সারাক্ষণ ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গলা ফাটানো দর্শকেরাও ভীষণ খুশি প্রথম ম্যাচটি জেতায়। অধিনায়ক আসিফ ইকবাল টুর্নামেন্টের ফাইনালকে করেছেন পাখির চোখ। প্রথম ম্যাচটি দাপটের সঙ্গে জেতার পর আসিফের কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমরা যেমন আশা করেছিলাম তেমনই খেলেছি। আমাদের অনেক খুশি লাগছে। দলের সবাই ভালো খেলেছে। যদিও শুরুর দিকে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছি। এই গ্রাউন্ডে অনেক ধুলা থাকায় সমস্যা হচ্ছিল খেলতে। আশা করি, পরের ম্যাচে আরও ভালো খেলব।’
বাংলাদেশ পুরুষ দল আজ পরের ম্যাচটি খেলবে ভুটানের সঙ্গে। মহিলা দলের প্রতিপক্ষ নেপাল। দুটি ম্যাচই হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে।