ইউরোপের ক্লাব-শ্রেষ্ঠত্বের শিরোপা উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি কোনোবারই তাদের দেশে যায়নি। অথচ সেই দেশেরই ২৬ জন ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে ছুঁয়ে দেখেছেন ট্রফিটা। দেশটার নাম বললেই খোলাসা হয়ে যাবে ধাঁধা—ব্রাজিল। ভিন্ন মহাদেশে বলে দেশ হিসেবে এই ট্রফি জেতার কোনো সুযোগ ব্রাজিলিয়ান কোনো ক্লাবের নেই। তবে এর ফলেই একটা রেকর্ড গড়ে ফেলেছে দেশটি। দেশ হিসেবে একবারও না-জেতা সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ ট্রফিজয়ী ফুটবলার জন্ম দেওয়ার রেকর্ডটি ব্রাজিলেরই। ব্রাজিলের ২৬ জন ফুটবলার যে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন সেই তথ্য তো শুরুতেই জেনেছেন। ১৯৬৩ সালে এসি মিলানের হয়ে তখনকার ইউরোপিয়ান কাপ জেতেন ব্রাজিলের দিনো সানি। গতবার ইন্টার মিলানের হয়ে জিতেছেন হুলিও সিজার, মাইকন আর লুসিও। ব্রাজিলের পরই আছে আর্জেন্টিনা। ৯ জন আর্জেন্টাইন জিতেছেন ট্রফিটা। আয়ারল্যান্ডেরও ৯ ফুটবলার জিতেছেন। আইরিশদের আফসোস, তারা তো ইউরোপেরই দেশ। কিন্তু কোনো আইরিশ ক্লাব এখনো জেতেনি চ্যাম্পিয়নস লিগ।