উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো
ফিফা-ব্যালন ডি’অরের মতো এটা নিয়ে অত মাতামাতি হয়তো হবে না, তবে ইউরোপের বাছাই করা সাংবাদিকেরা যখন বিচারক, তখন পুরস্কারটির মাহাত্ম্য অস্বীকারের উপায় নেই। সাংবাদিকদের ভোটে উয়েফার সেরা খেলোয়াড়দের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে উয়েফা। উয়েফার ৫৩টি সদস্যদেশের সাংবাদিকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল নাম ঘোষণা করেছে ৩২ খেলোয়াড়ের। অনুমিতভাবেই তালিকায় লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রাধান্য, সাত খেলোয়াড় এই দলেরই। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জন আছেন গত মৌসুমের প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার সিটির। বার্সেলোনা ও চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসির আছেন চারজন করে খেলোয়াড়, আর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের একমাত্র প্রতিনিধি রাদামেল ফ্যালকাও। এ ছাড়া বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড ও সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের দুজন করে খেলোয়াড় আছেন তালিকায়।আগামী ১৪ আগস্ট শীর্ষ তিন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। এরপর মোনাকোতে সরাসরি ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজয়ীকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেওয়া হচ্ছে এই পুরস্কার। প্রথমবার সতীর্থ জাভি ও রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে পুরস্কারটা পেয়েছিলেন বার্সার লিওনেল মেসি।এবারের তালিকায় একমাত্র চমক ওয়েলশের ক্লাব ব্যাঙ্গোর সিটির উইঙ্গার লেসলি ডেভিস। মজার ব্যাপার হলো, এই ক্লাবটি আধা পেশাদার, ডেভিস নিজেও খেলার পাশাপাশি চাকরি করেন ব্যাঙ্গোরের একটি প্রতিষ্ঠানে। ওয়েবসাইট।