উয়েফার সেরা একাদশে নেই মেসি!
বিশ্ব একাদশে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন নেই। অথচ সেই লিওনেল মেসিরই জায়গা হলো না ইউরোপের সেরা একাদশে! আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হিসেবে মেসির বদলে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে বেছে নিয়েছেন উয়েফা ডট কমের পাঠক ও ব্যবহারকারীরা।
আশ্চর্যের হলো পরশু উয়েফা-ঘোষিত ইউরোপে সেরা একাদশে শুধু মেসিই নন, জায়গা পাননি লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার কোনো ফুটবলারই। অথচ কয়েক দিন আগে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ঘোষিত ফিফা ফিফপ্রো একাদশে মেসিসহ ছিলেন বার্সেলোনারই ৪ জন। উয়েফার ওয়েবসাইটে জানানো হয়েছে, ৪-৪-২ ছকে ইউরোপের সেরা একাদশ নির্বাচনের জন্য ভোট দিয়েছেন বিশ্বের প্রায় ৬৩ লাখ ফুটবল-ভক্ত। তাঁদের ভোটেই এ নিয়ে টানা সাতবারের মতো ইউরোপ-সেরা একাদশে জায়গা পেলেন রোনালদো। তবে ২০০৭ সালের পর এই প্রথম তাঁর সঙ্গী হিসেবে নেই মেসি। আক্রমণভাগের দুই ফুটবলারের একজন হিসেবে শতকরা ৭৩ ভাগ ভক্ত রোনালদোকে বেছে নিলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার ফিলিপ লাম (শতকরা ৭৮ ভাগ)।
এদিকে প্রিয় তারকার হাতে ব্যালন ডি’অর ট্রফি উঠতে না দেখে কিছুটা হতাশ মেসি সমর্থকেরাও। তবে হতাশার লেশমাত্র নেই মেসির ক্লাব কোচ জেরার্ডো মার্টিনোর কণ্ঠে, ‘এক বছরের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এক কথা আর আসলেই সেরা হওয়া অন্য কথা। আমরা সেরা ফুটবলারকে পেয়েছি।’ এএফপি, ওয়েবসাইট।
উয়েফা বর্ষসেরা একাদশ
ম্যানুয়েল নয়্যার, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, ফিলিপ লাম, ডেভিড আলাবা, মার্কো রিউস, মেসুত ওজিল, গ্যারেথ বেল, ফ্র্যাঙ্ক রিবেরি, ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচ।