ম্যাচ শেষে মাঠের এক কোণে খেলোয়াড়দের নিয়ে ছোট্ট বৈঠক সেরে নিলেন মেরিনার্সের জার্মান কোচ গেরহার্ড পিটার। মনটা বিষণ্ন। ক্লাব কাপে সেমিফাইনালিস্টরা লিগেও ভালো শুরু করেছিল। অ্যাজাক্সের সঙ্গে প্রথম ম্যাচটি জিতেছিল ৪-১ গোলে। কিন্তু মেরিনার্সের জন্য ‘অ্যাসিড টেস্ট’ ছিল কালকের ম্যাচটি। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ঊষার সঙ্গে লড়াই যতটা জমবে বলে আশা করা গিয়েছিল, ঠিক ততটাই তা একপেশে হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ঊষা ৪-১ গোলে মেরিনার্সকে হারিয়ে লিগে পেল টানা তৃতীয় জয়।
ক্লাব কাপে মেরিনার্স খেলিয়েছিল জার্মানি, কেনিয়া ও মালয়েশিয়ার খেলোয়াড়। কিন্তু ক্লাব কাপের পর শুধু কেনিয়ার উইলিসকে রেখে দিয়ে তারা আনে পাকিস্তানের মোহাম্মদ তৌফিককে। আর ঊষা ক্লাব কাপের পর পাঁচজন পাকিস্তানি খেলোয়াড় এনেছে। কালই প্রথম মাঠে নামেন তাঁরা। এঁদের সঙ্গে তো ছিলেনই জাতীয় দলের মিমো, নিলয়, কৃষ্ণরা।
২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আলিম বেলাল প্রথমে এগিয়ে দেন ঊষাকে, ৩২ মিনিটে মিমো ব্যবধান বাড়ান। ৬১ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে মেরিনার্স (২-১)। কিন্তু এরপর আক্রমণাত্মক ঊষার সামনে আর দাঁড়াতে পারেনি তারা। ৬৬ মিনিটে নিলয় ৩-১, আর শেষ বাঁশির মিনিট খানেক আগে ৪-১ করেন মাহবুব। তবে এমন জয়েও খুশি নন ঊষার কোচ মামুনুর রশীদ, ‘আমরা আরও গোল পেতে পারতাম।’ গেরহার্ড দুষেছেন তাঁর ফরোয়ার্ডদের, ‘ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করেছে। ওদের অনভিজ্ঞতার কারণে ম্যাচটি হাতছাড়া হয়েছে।’
দিনের অন্য ম্যাচে সজীবের হ্যাটট্রিকে আজাদ ৪-১ গোলে হারিয়েছে রেলওয়েকে। অন্য গোলটি নাসিরের। রেলওয়ের গোলদাতা রফিকুল ইসলাম।