ঊষার গোলবন্যা
হকি ম্যাচে ছোট দলের বিপক্ষে বড় দলের ৮-১০ গোলে জেতা সে অর্থে বড় কোনো ব্যাপারই নয়। ক্লাব কাপ হকির প্রথম দিনে পরশু ওয়ান্ডারার্সের পোস্টে আবাহনীর ৮ গোল তাই চমক-জাগানিয়া ছিল না। কাল তো আরেক বড় দল ঊষা আরো এক ধাপ এগিয়ে ১৩ গোল দিল আজাদের পোস্টে (১৩-১)। এটিকেও সবাই মামুলি ব্যাপারই বলছে!
তবে ১৩ গোলের মধ্যে কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিক নেই, এটা বলার মতোই। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমঝোতার ওপরই বেশি গুরুত্ব দিয়েছিলেন ঊষার কোচ মামুনুর রশিদ, তাই সাতজন খেলোয়াড়ের নাম উঠেছে গোলদাতার তালিকায়। পাঁটটি গোল পেনাল্টি কর্নার থেকে, যার চারটিই করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান (চয়ন)। দুটি গোল করে মাইনুল, কৃষ্ণ কুমার ও জাহিদ বিন তালিবের। বেলাল, সারোয়ার, তাপস করেছেন বাকি তিন গোল।
মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন মিনিটে ঊষার গোলের খাতা খোলেন জাহিদ বিন তালিব। পরের মিনিটেই মহসিন ম্যাচে ফেরালেন আজাদকে। কিন্তু এরপরই দলটা হারিয়ে গেল ম্যাচ থেকে। ঊষার গোল উৎসবই বারবার ফিরে এসেছে। আসবেই তো, বিকেএসপির একেবারেরই নবীন একঝাঁক কিশোর আজাদের জার্সি গায়ে কী আর প্রতিরোধ গড়বে!
৬০ মিনিটে ১২ গোল হওয়ার পর তো ঊষার ডাগ-আউট থেকে খেলোয়াড়দের বলা হয়, ‘আর গোল দিস না!’