দুই গোল খেয়ে তিন গোল করা কঠিন। নবম ক্লাব কাপ হকির ফাইনালে সেই কাজটা করে দেখাল ঊষা ক্রীড়া চক্র। দুই গোলে এগিয়ে যাওয়া আবাহনীর পোস্টে তিন গোল করল পুরান ঢাকার দলটি। লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্টের শিরোপাও নাটকীয়ভাবে গেল ঊষার ঘরেই।তবে এতে ‘অবদান’ আছে আম্পায়ার শাহবাজ আহমেদের। ম্যাচ তখন ২-২। খেলা হয়েছে ৫৫ মিনিট। এই সময় ঊষার পাকিস্তানি খেলোয়াড় ইমরান নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যান আবাহনীর পোস্ট ঘেঁষে। আবাহনীর ইয়ামিন তাঁকে ধাক্কা দিয়েছেন ধরে নিয়ে আম্পায়ার দিলেন পেনাল্টি কর্নার। দূর থেকে মনে হয়েছে, ধাক্কা লাগেনি। আবাহনীর আপত্তি অগ্রাহ্য করে আম্পায়ারের দেওয়া ‘উপহার’ কাজে লাগান ঊষার আরেক পাকিস্তানি খেলোয়াড় এহসান উল্লাহ। পেনাল্টি কর্নার থেকে তাঁর করা গোলই গড়ে দেয় ফাইনালের ভাগ্য (৩-২)।ফাইনাল ভালোয় ভালোয় শেষ হয়েছে, এটা স্বস্তির। হকির কোনো আয়োজন মানেই নানা কাণ্ড এবং গোলমাল। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে হওয়া সর্বশেষ ক্লাব কাপে মোহামেডানের এক মালয়েশিয়ান খেলোয়াড়ের নিবন্ধন নিয়ে তুলকালাম হয়েছে। তবে এবারের গল্পটা ভিন্ন। এবার সেমিফাইনালে ফেবারিট মোহামেডানের ঝরে যাওয়াটাই সবচেয়ে বেশি আলোচ্য। কাল ফাইনালে দুর্বল আম্পায়ারিংও চোখে লেগেছে। আম্পায়ার শাহবাজ আবাহনীর বিপক্ষে বিতর্কিত পেনাল্টি কর্নার দেওয়ার পর পরই একই দলের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিয়েছেন, যদিও পরে তা প্রত্যাহার করেছেন আরেক আম্পায়ার সেলিম রেজার সঙ্গে আলোচনা করে।ফাইনালটার তাই ছন্দ কেটেছে বার কয়েক। আবাহনী-মোহামেডান ফাইনাল হলে যেমন উত্তাপ থাকত, পাওয়া যায়নি সেটিও। এই ফাইনাল আসলে ‘পাকিস্তানি শো’। ম্যাচের পাঁচ গোলের সব কটিই এসেছে পাকিস্তানিদের স্টিক থেকে। মাঠের বাইরে ছিলেন আরেক পাকিস্তানি—তাহির জামান। ঊষার কোচ হয়ে এসেই দলের শিরোপা উৎসব দেখলেন সাবেক পাকিস্তান তারকা।আবাহনী আগের দিন মোহামেডানের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে। পরদিনই ফাইনাল, এই ক্লান্তিটাও আবাহনীর বিপক্ষে গেছে। দ্বিতীয়ার্ধে তাই এলোমেলো হয়ে গেছে আবাহনীর ছন্দ। অথচ প্রথমার্ধে এই দলটাকেই দেখিয়েছে দারুণ সতেজ। ১৩ মিনিটে আলিম বিল্লাহ পেনাল্টি কর্নারে এবং ৩৮ মিনিটে মুদাসসর গোল করে জয়ের স্বপ্ন দেখান আবাহনীকে। সেই স্বপ্ন ছিনতাই হয়েছে দ্বিতীয়ার্ধে। ১৩ মিনিটে তিন গোল করে ঊষাই হাসল শেষ হাসি।৪২ মিনিটে ইমরান, ৪৪ মিনিটে সেলিম খালিদ গোল করেন। আবাহনীর রক্ষণ বলতে তখন কিছু ছিল না। তারপর খেই হারিয়ে ফেলা আবাহনীর পোস্টে এহসানের সেই জয়সূচক গোল, যেটি ধরে রাখতে খুব একটা কষ্ট করতে হয়নি ঊষাকে। ঊষার সর্বশেষ ক্লাব কাপ জয় সেই ১৯৯৯ সালে, এটি তাদের তৃতীয় শিরোপা।আবাহনীর গোলরক্ষক জাহিদের খেদ, ‘যেভাবে বাজে আম্পায়ারিং হচ্ছিল, আমাদের হার ছিল অবধারিত।’ আবাহনীর কোচ মাহবুব হারুনের মুখে অবশ্য খেলোয়াড়ি বিশ্লেষণ, ‘দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভুলও করেছি।’ আবাহনীর এই খেদ আর আত্মবিশ্লেষণের উল্টো দিকে ঊষার গোটা দলটাই তখন মেতেছে আনন্দ-উল্লাসে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায় সারোয়ার হোসেনের আনন্দটা একটু বেশিই ছিল।