ঋণমুক্তির জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবল নিয়ে আলোচনা করতে গেলে তাঁর নামটা আসে না। অত বড় ফুটবলার ওলেগ সালেঙ্কো নন। তবু তিনি খবরের শিরোনাম হলেন, তার কারণ একটি ‘সোনার জুতা’ বিক্রি করতে চান সাবেক এই রুশ ফুটবলার।বিশ্ব ফুটবলে সালেঙ্কো হয়তো সাধারণ এক নাম, কিন্তু বিশ্বকাপের রেকর্ড নিয়ে আলোচনা হলে তাঁর নামটি আসবেই। বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখনো তাঁর। একটি মাত্র বিশ্বকাপই খেলেছেন, ১৯৯৪ সালের সেই বিশ্বকাপে রাশিয়ার হয়ে গড়েছিলেন ওই কীর্তি। গ্রুপ পর্বে রাশিয়া তাদের শেষ ম্যাচে ক্যামেরুনকে হারিয়েছিল ৬-১ গোলে। সালেঙ্কো একাই করেছিলেন ৫ গোল। সেবার বুলগেরিয়ার রিস্টো স্টয়চকভের সঙ্গে যৌথভাবে সোনার জুতাও জিতেছিলেন তিনি।১৯৯৪ বিশ্বকাপে জেতা ওই সোনার জুতাই বিক্রি করবেন জেনিত, ডায়নামো কিয়েভ ও ভ্যালেন্সিয়ার সাবেক এই ফরোয়ার্ড। অসামান্য এই স্মারক সালেঙ্কো বিক্রি করবেন ঋণমুক্তির জন্য, ‘আমার ছোট একটা ব্যবসা ছিল। কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার পর সবকিছুরই বাজে অবস্থা। আমাকে ঋণ শোধ করতে হবে।’এরই মধ্যে আরব এক ধনকুবের সালেঙ্কোর সোনার জুতাটা কেনার প্রস্তাব দিয়েছেন। তিনি ৫ লাখ ডলার পর্যন্ত দাম দিতে রাজি। জুতাটা তিনি স্থানীয় এক জাদুঘরে রাখবেন বলেও সালেঙ্কোকে জানিয়েছেন। তবে ২০০১ সালে ফুটবলকে বিদায় জানানো সালেঙ্কো চাইছেন, তাঁর এই স্মারকটি রাশিয়া বা ইউক্রেনেই থাক। যে টাকা ওই আরব শেখ তাঁকে দিতে চেয়েছেন, এই দাম যদি নিজের অঞ্চলে পেয়ে যান, তাহলে গর্বের স্মারকটা বাইরে যাবে না। রয়টার্স।