ঋদ্ধিমানেও উচ্ছ্বসিত কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহা

আইপিএলের ফাইনালে ঋদ্ধিমান সাহা যখন বোলারদের কচুকাটা করছিলেন, তখন নিশ্চয়ই আফসোস আর আক্ষেপে ছটফট করছিলেন কলকাতার সমর্থকেরা। ঘরের ছেলের দুর্দান্ত ব্যাটিংয়েই কিনা তছনছ হতে চলেছে কলকাতার শিরোপা জয়ের স্বপ্ন! শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। পাঞ্জাবের ছুড়ে দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটের জয় পেয়েছে কলকাতা। দ্বিতীয়বারের মতো জিতেছে আইপিএলের শিরোপা। কলকাতাবাসীর শিরোপা জয়ের আনন্দটাও বেড়ে গেছে অনেক গুণে। প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়টিও যে একজন বঙ্গসন্তান! আইপিএলের ফাইনালে সবদিক দিয়েই ছিল কলকাতারই জয়জয়কার।
আইপিএলের প্রথম তিন আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্সেই ছিলেন ঋদ্ধিমান। পরের তিন বছর চেন্নাই সুপার কিংসে। কোনোবারই খুব বেশি আলোচনায় আসতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিয়মিত খেলার সুযোগও পাননি। কিন্তু এ বছর দারুণভাবেই সবার নজর কেড়েছেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। আইপিএলের ইতিহাসে গড়ে নিয়েছেন স্থায়ী নিবাস। ফাইনালের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে আজীবনই লেখা হবে ঋদ্ধিমানের নাম। কলকাতার পত্রপত্রিকা নাইট রাইডার্সের শিরোপা জয়ের খবরটা যেমন প্রাধান্য পেয়েছে, তেমনি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে ঋদ্ধিমানের দুর্দান্ত শতকটি। আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল: ‘কলকাতা কেকেআরে জিতল, ঋদ্ধিতেও’। আরেকটি প্রতিবেদনের শিরোনাম: ‘কলকাতার জয় আর ঋদ্ধির ঝড়, জোড়া দিওয়ালি শহরে’।

ঋদ্ধিমানের ৫৫ বলে ১১৫ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৯৯ রান জমা করেছিল পাঞ্জাব। কিন্তু বোলারদের ব্যর্থতায় আর শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি পাঞ্জাবের। কলকাতার আরেকটি দৈনিক এই সময়ে উঠে এসেছে এই বিষয়টিই। ‘ঋদ্ধির হাসি কাড়ল ওদের বোলাররাই’ শিরোনামের মন্তব্য প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বালাজি এত দিন না খেলে হঠাৎ ফাইনালে। আর বোলিংটাও করল যেখানে-সেখানে। শর্ট বল, ফুলটস কী না করেছে। পাঞ্জাবের অক্ষর পাটেল ছাড়া কোনো বোলারই ঠিকঠাক বল করতে পারেনি। লেগস্পিনার করণবীর সিংও যত পারল শর্ট বল করল। ফাইনালে এত খারাপ বল করে জেতার আশা করা যায় না।’

নিজ শহরের জয়ে কলকাতাবাসীর যতটা উচ্ছ্বাস, ঋদ্ধিমানের দারুণ সেঞ্চুরি মাঠে মারা গেল দেখে কিছুটা আফসোসও নাকি করেছে অনেকে। তবে কলকাতার বেশির ভাগ মানুষই মেতেছেন দ্বিগুণ উল্লাসে। সৌরভ গাঙ্গুলীর পর আরেক বিশ্বমানের ব্যাটসম্যানের ছায়াও যে অনেকে খুঁজে পাচ্ছেন ঋদ্ধিমানের মধ্যে!