এ এক অন্য স্পেন
ইতিহাসের বাধাটা কিছুতেই পিছু ছাড়ছে না স্পেনের। অনেক নাটকের পর প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের অভিশাপ কাটিয়েছে তারা। এবার এসে দাঁড়িয়েছে আরেক বাধা। সেমিফাইনাল প্রতিপক্ষ জার্মানিকে বিশ্বকাপে কখনো হারাতেই পারেনি স্পেন!আজ জিতলে তাই আরেকটি ইতিহাস গড়বে স্পেন। অবশ্য এমন একটা পর্যায়ে এসেছে তারা, এখন যা কিছু অর্জন হবে, তাতেই রচিত হবে নতুন ইতিহাস। পুরোনো কথা, তবু প্রসঙ্গটা যতবার আসে, বিস্ময় জাগে ততবারই। ফুটবলের আদি ভূমিগুলোর একটি তারা, বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত শক্তিও, তাদের ঘরোয়া লিগ বিশ্বের সেরাগুলোর একটি, অথচ এটাই কিনা স্পেনের প্রথম সেমিফাইনাল!বিশ্ব ফুটবলকে তো স্পেন আর কম দেয়নি, ফুটবলেরও তো কিছু একটা দেওয়ার আছে। ইতিহাসের একটা দায় মেটানোর ব্যাপারও তো আছে। তবে কি এবারের বিশ্বকাপেই? ইঙ্গিত কিন্তু সে রকমই। এমনিতে প্রায় প্রতিবারই দারুণ শুরুর পর নকআউট পর্বে আটকে যায় তারা। এবার শুরু করেছে সুইজারল্যান্ডের কাছে হেরে, এরপর আস্তে আস্তে উন্নতি হয়েছে। স্পেনকে নিয়ে এবার আশা করা যায় আরেকটি কারণেও। বড় টুর্নামেন্টে শিরোপার জন্য শুধু ভালো খেলাই নয়, প্রয়োজন ভাগ্যও। আর এই ভাগ্যের সঙ্গেই স্পেনের যেন ছিল আজন্ম শত্রুতা। কিন্তু এবার বিশ্বকাপের নানা পর্যায়ে ভাগ্যটা সহায় হয়েছে স্পেনের।ভাগ্য বীরদের সঙ্গেই থাকে, কারণ হতে পারে এটাও। শুধু বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বলেই নয়, এই স্পেন দলটা যে আগের সব স্পেন দলের চেয়ে আলাদা, এর প্রমাণ তো তিন বছর ধরেই দিয়েছে। বিশ্বকাপের আগে হলে এই ম্যাচে তাই পরিষ্কার ব্যবধানেই ফেবারিট থাকত স্পেন। কিন্তু আজ একটু এগিয়ে রাখতে হচ্ছে জার্মানিকেই—কারণ বিশ্বকাপে জোয়াকিম লোর দলের চোখধাঁধানো পারফরম্যান্স আর স্পেনের এখনো গত তিন বছরের রূপে আবির্ভূত হতে না পারা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে ঠিকই, কিন্তু গত কয়েক বছরের চেনা স্পেনকে ঠিক খুঁজে পাওয়া যায়নি এখনো। এতে আবার এই স্পেন দলটার শক্তিমত্তাও বোঝা যাচ্ছে। নিজেদের সেরাটা না খেলেই যদি সেমিফাইনালে চলে আসা যায়, তাহলে সেরাটা খেললে শিরোপাটা আটকায় কে? ভিসেন্তে দেল বস্ক আশা করছেন, আজই দেখা যাবে চেনা স্পেনকে, ‘আমরা জানি, আমরা যা খেলছি, এর চেয়ে অনেক ভালো খেলতে পারি। আশা করি, সেমিফাইনালেই সেটা দেখা যাবে।’অবশ্য জার্মানি যেমন খেলছে, তাতে সেরা ফর্মের স্পেনেরও বেগ পেতে হবে তাদের হারাতে। তবে জার্মান-যন্ত্রকে থামিয়ে দেওয়ার একটা উপায় বের করেছেন স্প্যানিশ উইঙ্গার জেসাস নাভাস, ‘ওদের শুরুতে গোল করতে দেওয়া যাবে না। শুরুতে গোল পেলে ওরা আরও বিপজ্জনক হয়ে ওঠে আর না পেলে এলোমেলো হয়ে যায়।’ বিশ্বকাপে জার্মানির ম্যাচগুলো দেখলে নাভাসের কথার সত্যতা মিলবে। যে তিনটি ম্যাচে চার গোল করেছে জার্মানরা; গোল পেয়ে গেছে ৮, ২০ ও ৩ মিনিটে। আর যে দুটিতে শুরুতে গোল পায়নি, এর একটি হেরেছে সার্বিয়ার কাছে, আরেকটিকে ঘাম ছুটে গেছে ঘানাকে হারাতে।জার্মানি অপ্রতিরোধ্য খেলছে, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য জার্মানিকে থামাতে পারে এই স্পেনই। ২০০৮ ইউরোতে জয়, টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড স্পর্শ, প্রথম দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন না হয়েও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা—স্পেনের ফুটবল ইতিহাসের স্মরণীয় সব অর্জন তো এই দলটার হাত ধরেই এসেছে। ইতিহাসের বাধা পেরিয়ে নতুন ইতিহাস গড়া এই দলটার পক্ষেই সম্ভব!