এ এক অবিশ্বাস্য নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে, রোনালদো, রোমারিও, জিকো, বেবেতো, রিভালদো, জায়ারজিনহো, রোনালদিনহো, টোস্টাও...এবং নেইমার? প্রথমে যাঁদের নাম বলা হয়েছে, ব্রাজিলের ফুটবল আকাশের ইতিহাসে প্রত্যেকেই একটি জ্বলন্ত নক্ষত্র। এখনো স্বমহিমায় ভাস্বর। নেইমার মাত্রই উঠতি এক তারকা। এখনই এই কিংবদন্তিদের পাশে তাঁর নাম উচ্চারণ করা নেহাতই ছেলেমানুষী। কিন্তু জাতীয় দলে অভিষেকের পর থেকেই যে গতিতে এগোচ্ছেন, নেইমারের নাম এঁদের পাশে দেখতে খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় দ্রুতই জায়গা করে নেবেন এই ২১ বয়সী। সেরা দশের সবার শেষে থাকা টোস্টাওয়ের নামের পাশে ৫৪ ম্যাচে ৩২ গোল। ৩৭ ম্যাচেই ২৩ গোল করে ফেলেছেন নেইমার!পেলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারটা ছিল ১৪ বছরের। দীর্ঘ এ সময়ে ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটা আছে তাঁর দখলে। এক সময় মনে হচ্ছিল, এই রেকর্ড হয়তো ভেঙে দেবেন রোনালদো। কিন্তু খুব কাছাকাছি গিয়েও পেলেকে ছুঁতে পারেননি তিনি। ৯৮ ম্যাচ খেলে ৬২ গোল নিয়ে শেষ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার। রোমারিও, জিকো, বেবেতোরা এত বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তাঁদের নামের পাশে আছে যথাক্রমে ৫৫, ৫২ ও ৩৯ গোল। নেইমারের গোল করার যে হার (দশমিক ৬২), তাতে তিনি ঢের এগিয়ে আছেন রোমারিও-জিকো-বেবেতোর চেয়ে।আন্তর্জাতিক ফুটবলে নেইমারের অভিষেক মাত্র ১৮ বছর বয়সে। নিজের জাত চেনাতে সময় নেননি মোটেও। পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও নেইমারের গোল করার দক্ষতাটাই সবচেয়ে বিস্ময়কর। ব্রাজিলের সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় ঢুকতে যে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না, সেটা নিঃসন্দেহেই বলা যায়। আর যত দিন যাবে, ততই তো আরও পরিপক্ব হয়ে উঠবেন। প্রকৃতিপ্রদত্ত প্রতিভা-দক্ষতার সঙ্গে যোগ হবে অভিজ্ঞতার ঝুলি।কনফেডারেশনস কাপে নেইমারের পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল এসেছে নেইমারের পা থেকে। গোলগুলোও করেছেন দুর্দান্ত দক্ষতায়। জাপানের বিপক্ষে হাভভলি থেকে, মেক্সিকোর বিপক্ষে ভলি, এর পর কাল ইতালির বিপক্ষে গোল করলেন একেবারে ফ্রি-কিক থেকে। নেইমার যেন প্রতিনিয়ত নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। এক সময় মেসির প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে যেতেন তাঁর কোচেরা। একই মধুর সমস্যায় নেইমার ফেলেছেন লুইস ফেলিপে স্কলারিকে। নতুন কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছেন না নেইমার, ‘সে আজ অসাধারণ কিছু কাজ দেখিয়েছে। এই পরিমাণ সৃজনশীল ক্ষমতা থাকলেই ভিন্ন কিছু করা যায়। ফ্রি-কিকটা নেওয়ার সময় সে দেখেছিল যে বুফন একটা প্রান্ত ঘেঁষে দাঁড়িয়েছে। আর সে জানত যে গোল করতে হলে অন্য প্রান্ত ঘেঁষেই শটটা নিতে হবে।’গত দুই বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া, এক সময় ভূরি ভূরি তারকার জন্ম দেওয়া ব্রাজিলের তারকা সংকট...এই সময়ে নেইমার যেন মুক্তিদূত হয়ে এসেছেন সেলেসাওদের। জয়তু নেইমার!