এ কেমন চুলের ছাঁট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই চুলের ছাঁট দর্শকদের মনে তৈরি করেছে বিরক্তিই। ছবি: এএফপি
এই চুলের ছাঁট দর্শকদের মনে তৈরি করেছে বিরক্তিই। ছবি: এএফপি

বিশ্বকাপের মঞ্চ এক অদ্ভুত জায়গা। কত কিছুই না মঞ্চায়িত হয় এতে। সুন্দর-ফুটবল, উচ্ছ্বসিত হওয়ার মতো ব্যক্তিগত ক্রীড়াশৈলী—বিশ্বকাপের নৈমিত্তিক ব্যাপার হলেও মাঝেমধ্যে কিছু ব্যাপার দর্শক-চোখে বিরক্তিরও উদ্রেক করতে পারে। যেমন সুয়ারেজের কামড়। ব্যাপারটি যেকোনো সুস্থবোধসম্পন্ন মানুষকেই হতবিহ্বল করে দিতে পারে। গত দু-একদিন ধরে আলোচিত ক্যামেরুনের খেলোয়াড়দের বিপক্ষে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগটিও উদ্বেগ সৃষ্টির মতোই।

এই বিশ্বকাপে আরও একটি পীড়াদায়ক ব্যাপার ঘটছে। আর তা হলো খেলোয়াড়দের কিম্ভূতকিমাকার চুলের ছাঁট। চুলে অদ্ভুত রং করে চেহারাকে ভয়ংকর রূপ দেওয়া থেকে শুরু করে ‘ছিলা’ স্টাইলে নিজেকে হাস্যকর প্রতিপন্ন করার প্রবণতাও লক্ষ করা যাচ্ছে খেলোয়াড়দের মধ্যে। কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো পালাসিওর ‘অসহ্য’ চুলের ছাঁট।

পালাসিও নিজেও বোধ হয় তাঁর চুল নিয়ে খুব একটা ‘গর্বিত’ নন। ‘প্রায়-টেকো’ মাথার এই পালাসিও তাঁর মাথায় ‘ইঁদুরের লেজ’ সৃষ্টি করেই তৃপ্তি পেতে চেয়েছেন। অবশ্য এটা বলাই যায় তাঁর মাথার চুলে সৃষ্টি ‘ইঁদুরের লেজ’টি দীর্ঘ দিনের সাধনারই ফসল।

মাথার পেছনের অংশের একগাছি চুল দীর্ঘ দিন ধরেই লম্বা করেছেন পালাসিও। এখন তার চেহারা নিয়েছে পুরোপুরিই ইঁদুরের লেজের।
এটাকে কী ইতিহাসের সবচেয়ে বাজে চুলের ছাঁটের ‘মর্যাদা’ দেওয়া যায় না?