এ কেমন বিভক্তি!

দুই কোরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। ‘সাপে-নেউলে’ বাগধারার সার্থক প্রয়োগ ঘটানো যায় এই দুটি দেশের সম্পর্কের বয়ান দিতে গিয়ে। দক্ষিণ কোরিয়ার ইনচন এশিয়ান গেমসে অংশ নিতে এসে উত্তর কোরীয় অ্যাথলেটদের পদে পদে বিপত্তি আর বাধার খবরে ঠাসা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উত্তর কোরীয়দের জন্য ইন্টারনেট ব্যবহারের বিধি-নিষেধ, গেমস ভিলেজে তাঁদের অন্য দেশের ক্রীড়াবিদদের চেয়ে আলাদা ‘আতিথেয়তা’ নজর এড়ায়নি কারোরই। কিন্তু তাই বলে স্টেডিয়ামে উত্তর কোরীয়দের জন্য আলাদা বসার ব্যবস্থা! বিশ্বাস না হলে বার্তা সংস্থা রয়টার্সের ছবিটিতে চোখ রাখতে পারেন।
ইনচনের মুনহাক স্টেডিয়ামে গতকাল ‘আগুন লড়াই’য়ে মুখোমুখি হয়েছিল দুই কোরিয়ার নারী ফুটবল দল। এই ম্যাচের উত্তাপ এতটাই ছিল যে নিজ দলকে উৎসাহ দিতে মাঠে যাওয়া উত্তর কোরিয়ার অন্য অ্যাথলেটদের বসার জায়গার ব্যবস্থা করা হয়েছিল ‘নিরাপত্তা-টেপ’ দিয়ে ঘিরে। বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশের বিশেষ বাহিনী যে টেপ দিয়ে অপরাধের স্থল ঘিরে ফেলে, তেমন একটি টেপঘেরা জায়গাতে বসেই উত্তর কোরীয় অ্যাথলেটরা উৎসাহিত করেন তাঁদের নারী ফুটবলারদের।
ছবিটি লক্ষ করলে বোঝা যাবে, টেপঘেরা জায়গাটির পাশেই দক্ষিণ কোরীয় দর্শকেরা নিজ দেশের পতাকা নিয়ে বসে আছেন। উত্তর কোরীয় অ্যাথলেটদের বসার অংশে বেশ কিছু আসন খালি পড়ে থাকলেও সেখানে কেউ বসেননি। হয়তো বসার অনুমতিই নেই। অনুমতি নেই, এটা বোঝা যায়। কারণ ‘বিশেষ জোন’ হিসেবে জায়গাটি ঘিরতে সেখানে ব্যবহার করা হয়েছে নিরাপত্তা-টেপ।
এটা দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরীয়দের অবস্থার একটি চিত্র। উত্তর কোরিয়ায় গেলে দক্ষিণ কোরীয়দের যে একই অবস্থা হয়, সেটা বোধ হয় নতুন করে বলার কিছু নেই। দক্ষিণ কোরিয়ার মাটি থেকে তাও ছবি প্রকাশ করতে পারছে রয়টার্স। উত্তর কোরিয়ার মাটি থেকে এমন ছবি কী তাঁরা প্রকাশ করতে পারতেন?