এ কোন ক্যানাভারো !
সময়টা একদমই ভালো যাচ্ছে না ইতালির দলপতি ফ্যাবিও ক্যানাভারোর। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ে যাঁর ছিল অনন্য অবদান, সেই খেলোয়াড়টিই কি না এবার সমালোচনার কেন্দ্রে অবস্থান করছেন! আজ স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে ক্যানাভারোর পারফরম্যান্স নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। ক্যানাভারো আগেই জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপই হবে ইতালির হয়ে তাঁর ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতা। কিন্তু বিদায়ের আগে তাঁর অন্তত দুটি ভুল বিশ্বকাপে ইতালিকে এনে ফেলেছে একেবারে খাদের কিনারে। প্যারাগুয়ে ও নিউজিল্যান্ড—দুটি দলের বিপক্ষেই হারতে হারতে বেঁচেছে ইতালি। দুটি ম্যাচেই ক্যানাভারোর ভুলের খেসারত দিয়েছে তাঁর দল। প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইতালির গোল হজমের জন্য তাঁকেই দায়ী করা যেতে পারে। সবচেয়ে দৃষ্টিকটু ভুলটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ক্যানাভারো সেদিন বলে পা লাগাতে ব্যর্থ হলে কিউই ফরোয়ার্ড শেন স্মেলজ সুযোগের সদ্ব্যবহার করে গোলটি করেন।নিজের এত সমালোচনা মন খারাপ করিয়ে দিয়েছে ফ্যাবিও ক্যানাভারোর। ক্যারিয়ারের শেষে এসে এমন কিছুর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, তা জানাতে ভোলেননি। প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইতালির জিততে না পারার জন্য তিনি এককভাবে দায়ী হতে চান না। স্পষ্ট ভাষায়ই তিনি জানিয়ে দিয়েছেন, ‘প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার জন্য এককভাবে কাউকে দায়ী করা ঠিক নয়। এটা অন্যায়।’ক্যানাভারো যা-ই বলুন না কেন, ২০০৬ সালের বিশ্বকাপের ক্যানাভারো আর এবারের ক্যানাভারোর মধ্যে বিস্তর ফারাক। গতবার তিনি ছিলেন আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। কিন্তু এবার ক্যানাভারোর মধ্যে সেই আত্মবিশ্বাসটাই যেন দারুণভাবে অনুপস্থিত। সমালোচকেরা বলছেন, বয়সের ভারে একেবারেই নুইয়ে পড়েছেন ক্যানাভারো। সে কারণে তাঁর চিরকালীন দুর্বলতা অনুচ্চতা তাঁকে পেয়ে বসেছে। বর্তমানের তরুণ ফরোয়ার্ডদের সঙ্গে তাল মেলানোর মতো গতিও তিনি হারিয়ে বসেছেন। ইতালির গণমাধ্যমও নানাভাবে বুঝিয়ে দিতে চাচ্ছে, ‘ক্যানাভারো ফুরিয়ে গেছেন।’ বিখ্যাত ফুটবল দৈনিক গেজেত্তো দেল্লা স্পোর্তো সম্প্রতি এক জরিপ পরিচালনা করে জানিয়েছে, ‘ক্যানাভারো ইতালির বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক হতে পারেন, কিন্তু তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে বিরক্ত ৬২ শতাংশ সমর্থকই মনে করেন—কোচ মার্সেলো লিপ্পির উচিত পরবর্তী ম্যাচে ক্যানাভারোকে দল থেকে বাদ দেওয়া।’ এ জরিপটিতে ২৩ হাজার ভোটার ভোট দিয়েছে বলেও পত্রিকাটি জানাতে ভোলেনি।ফ্যাবিও ক্যানাভারো অবশ্য একান্তই কোচ মার্সেলো লিপ্পির ইচ্ছাতেই ইতালির বিশ্বকাপ দলে খেলছেন। জুভেন্টাসের এ অভিজ্ঞ রক্ষণসেনাকে মার্সোলো লিপ্পি দলে অন্তর্ভুক্ত করার মূল কারণ ছিল দুই সেন্ট্রাল ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি ও সালভাদর বচেত্তির অনভিজ্ঞতা। এ দুই অনভিজ্ঞ খেলোয়াড়ের ছায়ানীড় হিসেবে যাঁর দলে অন্তর্ভুক্তি সেই ক্যানাভারো নিজেই একের পর এক ভুল করে দলকে ডোবাচ্ছেন—লিপ্পির চিন্তার জায়গাটি এখানেই।তবে এত সমালোচনার পরও অনেকেই চাইছেন স্লোভাকিয়ার বিপক্ষে আজকের ম্যাচে ফ্যাবিও ক্যানাভারো অরেকবার জ্বলে উঠুন। তিনি জ্বলে উঠলেই যে ইতালি লাভবান হবে, এটা তো সবারই জানা। ক্যানাভারো নিজেও চান আজকের ম্যাচে স্বমহিমায় প্রতিভাত হতে। ক্যারিয়ারটা শেষ করতে চান তিনি সসম্মানে, ইতালির সাফল্যের আনন্দে।