এ কোন ফ্রান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই চার বছর আগে জিদানের ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। ১৯৯৮ বিশ্বকাপে তো চ্যাম্পিয়নই হয়েছিল। সেই ফ্রান্সের ছায়ার সঙ্গেই যেন লড়ছে প্যাট্রিক ইভরার ফ্রান্স। এই ফ্রান্স অনেকটা অচেনা। নিজেদের চেনানোর জন্য তাদের চেষ্টায়ও ঘাটতি!ফ্রান্স এবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এসেছিল খোঁড়াতে খোঁড়াতে। সেটিরই প্রতিফলন পাওয়া গেল ওদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে। ওরা এখনো খোঁড়াচ্ছে—কথাটা এভাবে বললে বোধহয়, আমার মতে, ভুল কিছু হবে না।এটা ঠিক, ফ্রান্সের বল পজেশন অনেক বেশি ছিল। ডি-বক্সের কাছাকাছি বল নিয়ে ঘোরাফেরা করেছে প্রায় সারাক্ষণ। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু কাজের কাজ তো করতে হবে। সেটা করতেই নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। একটি ব্রেক থ্রু নেই। একটি সুন্দর ডিফেন্স-চেরা পাস নেই। ফরোয়ার্ড লাইনে কেউ একজন নেই যে অসাধারণ কিছু একটা করবে। একমাত্র রিবেরি কিছু করার চেষ্টা করে গেছে। এই অবস্থা হলে একটা দল ম্যাচ জিততে পারে না। বাড়তি কিছু না কিছু তো লাগেই।প্লাতিনি-জিদানরা ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। সুন্দর কিছু করার ক্ষমতা ছিল তাঁদের। গোটা দলটাকে অনুপ্রাণিত করতে পারতেন। এটা খুবই দরকার। এই ফ্রান্সে সেই নেতা নেই। ফ্রান্সকে যে কারণে ফুটবল-শক্তি হিসেবে ধরা হয়, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। এই জিনিস এবারের ফ্রান্স দলে পুরোপুরি অনুপস্থিত। এ কারণেই বলছি, ফ্রান্স দ্বিতীয় পর্বে উঠলেও কোয়ার্টার ফাইনালে যাবে কি না যথেষ্ট সংশয় থাকছে।উরুগুয়ের গোলরক্ষককে শুধু একবার পরীক্ষা করতে পারল ফ্রান্স। এ ছাড়া তাঁকে আর পরীক্ষায় ফেলতে পারেনি। শেষ ১০ মিনিট উরুগুয়ে দশজনের দল হলেও তাতে কিছু যায় আসেনি। ফ্রান্স সেই সুযোগ নিতে পারেনি। ভাবটা এমন যে গোলে বল মারব না। আসলে তো তা নয়, ব্যাপারটা হলো, তারা পারেনি। উরুগুয়ে ‘পেয়ার ডিফেন্ডিং’ করেছে। অর্থাত্ জোড়া ডিফেন্ডিং। একজন আরেকজনের সমর্থনে সব সময়ই ছিল। ফ্রান্স যেমন হতাশ করল, আজ জার্মানি তেমন করবে না। কারণ, ফ্রান্স আর জার্মানি একই ধাঁচের দল নয়। পাওয়ার-নির্ভর দল জার্মানি অন্য ধাতুতে গড়া। হারের আগে হারবে না। ওরা জানে, প্রতিটি মিনিটে কী করতে হবে। মানসিকভাবে জার্মানরা খুবই শক্ত। ফ্রান্স যেমন মরণকামড় দেওয়া দূরে থাক, সেই মানসিকতাই ফুটিয়ে তুলতে পারেনি, জার্মানি মরণকামড় দেবেই। ছাড়বে না সহজে। ফ্রান্সের মতো নিরাশ করবে না জার্মানি।এবারের জার্মান দলটাকে অনেকেই তুলনামূলক ‘দুর্বল’ বলছে। হ্যাঁ, এটা ঠিক সে মানের খেলোয়াড়ের একটু ঘাটতি আছে। তবে জার্মানি জার্মানিই। দল যেমনই হোক, ওদের খেলায় খুব একটা পরিবর্তন আসেনি। এই জার্মানির সমস্যা হতে পারে মাঝমাঠে। বালাককে নিয়ে একটা ছক করা হয়েছিল নিশ্চয়ই। শেষ মুহূর্তে ওর ইনজুরি কোচ জোয়াকিম লোকে ঝামেলায় ফেলে দিয়েছে। হঠাত্ করে সেটি কাটিয়ে উঠতে পারবেন না তিনি। নতুন ছক তৈরি করে কীভাবে লো দলটাকে মাঠে নামান, সেটি হবে দেখার।জার্মানি এমন একটা দল, ৭-৮ গোল করে হুলস্থুল বাধিয়ে দেয় না। যতটা খেলা দরকার, ততটাই খেলে ফল নিয়ে বাড়ি যায়। বছরের পর বছর এই তো দেখছি আমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সে রকম কিছুই হয়তো আপনি দেখবেন।