এ তো স্বপ্নের ফুটবল!
নেপাল ৩-০, ভুটান ৪-০, মালদ্বীপ ১-০, ভারত ১-০, আফগানিস্তান ৪-০। স্বপ্নের মতো এক পরিসংখ্যান। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল সত্যিই অবাক করে দিল। মুগ্ধও তো করল! দুর্দান্ত ফুটবল খেলে দক্ষিণ এশীয় গেমস ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন, সোনা জয়—বাংলাদেশের ফুটবল সোজা হয়ে দাঁড়ানোর একটা জমিন বুঝি নতুন করে খুঁজে নিতে পারল। প্রথম ভিত্তিটা ছিল ১৯৯৯ সালে কাঠমান্ডুতে। মালদ্বীপের কাছে ০-২ হার দিয়ে শুরু হয়েছিল অষ্টম দক্ষিণ এশীয় গেমস। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে জায়গা মিলল। ভারতের বিপক্ষে টিপুর গোলে পাওয়া জয় নিয়ে ফাইনালে ওঠা, এরপর স্বাগতিক নেপালের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতিহাস। এই অঞ্চলের ফুটবলে সেই প্রথম ফুটবল-সেরার মুকুট মাথায় তোলা। কাল আবার ফিরে এল হিমালয়-কন্যায় পাওয়া সুখস্মৃতি। ফিরে এল পরপর দুটি গেমসে সেমিফাইনালেই উঠতে না পারার পর। ফিরিয়ে আনল ‘নতুন বাংলাদেশ’। ‘জোরান জর্জেভিচের বাংলাদেশ’ খেলল নজরকাড়া ফুটবল। গত কয়েক বছরে যা উধাও হয়ে গিয়েছিল বাংলাদেশের ফুটবলারদের পা থেকে।‘জর্জ কোটানের বাংলাদেশ’ একবার আনন্দে ভাসিয়েছিল ২০০৩ সালের গোড়ায়। গ্রুপের তিন ম্যাচেই জয়, মতিউর মুন্নার গোল্ডেন গোলে সেমিতে ভারত-বাধা পেরিয়ে ফাইনালে মালদ্বীপের বিপক্ষে টাইব্রেকারে জয়। দক্ষিণ এশীয় ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব পাওয়া সেই বাংলাদেশ মাঝে কয়েকটা বছর বিড়ালের মতো মিউমিউ করে কাটালেও কাল তুলল বাঘের গর্জন! আগের দুটি সাফল্যই এনেছে জাতীয় দল। এবারেরটি জাতীয় দল না হলেও প্রায় জাতীয় দলই। জাতীয় দল আর অনূর্ধ্ব-২৩ যে দলই হোক, সাফল্য-বুভুক্ষু দেশের ফুটবলের সেই হিসাব করার সময় নেই। ঘরের মাঠে সাফ ফুটবলে ব্যর্থতার ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে। অধিনায়ক আমিনুল যেটিকে ‘ফুটবলে পুনর্জন্মের বার্তা’ হিসেবেই বর্ণনা করে গেলেন সোনার পদক গলায় পরে।রেকর্ডপত্র দেখলে আফগানিস্তানকে সমীহ করার মতো দলই মনে হবে না। যুদ্ধবিধ্বস্ত আফগানরা সাম্প্রতিক বছরগুলোতে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে কেবল একটি, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে করাচিতে। বাংলাদেশের বিপক্ষে আগের ছয় ম্যাচে চার ড্র, দুই পরাজয়। কাল তৃতীয় পরাজয়ও লেখা হয়ে গেল। শুধু পরাজয় নয়, এ ম্যাচে দাঁড়াতেই পারেনি আফগানরা। ফাইনালটা এমনই একপেশে হলো যে বলতে পারেন প্রথমার্থেই খেলা শেষ।দ্বিতীয়ার্ধে আফাগানরা মাথা তোলার চেষ্টা করলেও প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার মানসিকতায় খেলে যাওয়া বাংলাদেশের কাছে তা চাপ হয়ে উঠতে পারেনি। আর বাংলাদেশের চাতুর্যও ধরতে পারেনি আফগানরা। বল বাতাসে ভাসালে হেড ওয়ার্কে আফগানিস্তানের দীর্ঘদেহী খেলোয়াড়দের সঙ্গে কুলিয়ে ওঠা যেত না। সে কারণেই ছোট ছোট পাসে মাটিতে বল রেখে খেলা। এর সঙ্গে দ্রুত প্রান্তবদল, ভুল পাস কম, আক্রমণে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া—এতটা দৃষ্টিনন্দন ফুটবল আর কবে খেলেছে বাংলাদেশ?নমুনা ১: ১৭ মিনিটে ফ্রি-কিক। মামুন, নাসিরের ডামি। তারপর ওয়ালি ফয়সালের দুরন্ত ওই ফ্রি-কিক। ডিফেন্ডার আতিকুরের হেড জালে। এমন পরিকল্পিত গোল কালেভদ্রে করতে পারে বাংলাদেশ।নমুনা ২: ৩৩ মিনিটে দুই সহোদর এমিলি-শাকিলের আক্রমণ। শাকিলের ক্রসে এনামুলের হেড ২-০।নমুনা ৩: ৫৯ মিনিটে হয়ে গেল তৃতীয় গোল। ডান প্রান্ত দিয়ে আরেকটি দ্রুতগতির আক্রমণ। আতিকুরের ফ্রি-কিক, আফগান রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ। বদলি স্ট্রাইকার কমলের প্লেসিংয়ে ব্যবধান ৩-০। নমুনা ৪: ৮৭ মিনিটে কমলের শট। আফগান গোলরক্ষকের হাত ফসকে বল গেল বেরিয়ে। আরেক বদলি সেমিফাইনালের গোলদাতা তৌহিদুলের আলতো হেড। ৪-০।এমন জয় দেখতে কার না ভালো লাগে? গ্যালারিতে প্রায় কুড়ি হাজার দর্শক প্রাণভরে তা উপভোগ করল। গোলের আনন্দে বারবার নেচেউঠল গ্যালারি। ফুটবল অন্তঃপ্রাণ প্রবীণ ‘আতা ভাই’ ম্যাচের পর চিত্কার করছিলেন, ‘বাংলাদেশ, আই লাভ ইউ’। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম এক টুর্নামেন্টে সরাসরি পাঁচ জয়। যার শেষটায় জাতীয় সংগীত বাজল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ‘সব সোনার সেরা সোনা ফুটবলে’—খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের উচ্ছ্বাস যেন দিতে চাইছিল তারই ঘোষণা!বাংলাদেশ: আমিনুল, নাসির, আতিকুর, মিন্টু শেখ, রেজাউল, শাকিল, মামুনুল, ইউসুফ (কমল), এনামুল (মিঠুন), এমিলি (তৌহিদুল)।