এ বছর জার্গেনসেনই প্রধান কোচ
শেন জার্গেনসেনসহ সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও দুই অস্ট্রেলিয়ান। ছিলেন একজন ইংলিশ কোচও। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে আগ্রহী চার কোচের মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত কোচ জার্গেনসেনকেই সবচেয়ে যোগ্য মনে করেছে বিসিবি। বিসিবির উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় তাই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁকেই প্রধান কোচের পদে রাখার সুপারিশ করবে ক্রিকেট পরিচালনা কমিটি। কমিটির এক সভা শেষে কাল তথ্যটা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তবে সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য কোচদের নাম বলেননি তিনি।সভায় শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের ট্রেনার হিসেবে একাডেমির ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেনকে নেওয়ার সুপারিশ এসেছে। তবে ব্যাটিং, ফিল্ডিং বা সহকারী কোচ হিসেবে নির্দিষ্ট কারও ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। ‘ব্যাটিং কোচ হিসেবে একজন ব্রিটিশ এবং ফিল্ডিং কোচ হিসেবে একজন অস্ট্রেলিয়ান বিবেচনাধীন। এ ছাড়া স্থানীয়দের মধ্য থেকে সহকারী কোচ চেয়ে শিগগিরই বিজ্ঞাপন দেওয়া হবে। সম্ভব হলে শ্রীলঙ্কা সফরের আগেই এসব কোচ নেওয়া হবে’—বলেছেন জালাল ইউনুস।ওদিকে স্পিন কোচ হিসেবে বাংলাদেশে চার মাস কাজ করে যাওয়া সাকলায়েন মুশতাকের সঙ্গেও নতুন করে কথা বলছে বিসিবি। সাকলায়েন বছরে ১০০ দিন কাজ করতে চান। বাংলাদেশ দলের ভবিষ্যৎ সিরিজ ও টুর্নামেন্ট দেখে বিসিবি এখন ঠিক করবে সেই ১০০ দিন কোন ১০০ দিন।