এ বছর হচ্ছে না ডিএফএ টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক শর্ত অনুযায়ী ৬৪টি জেলায় লিগ হতে হবে এবং চ্যাম্পিয়নরাই প্রথমে বিভাগীয় পর্বে খেলবে। অথচ সব জেলায় লিগ হয়নি। অনেক জেলাই বাফুফে থেকে টাকা নিলেও লিগ আয়োজনে উৎ সাহী নয়। এ কারণেই ডিএফএ টুর্নামেন্টটা এবার আয়োজনের পরিকল্পনা বাদ দিয়ে আগামী বছর থেকে করতে চাইছে বাফুফে।

জেলা লিগ নিয়মিত মাঠে রাখতে বাফুফে বিশেষ উদ্যোগ নেয় বছর খানেক আগে। আয়োজনে গতি আনতে তিন কোটি টাকার স্পনসরশিপ নিয়ে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। গত নভেম্বরে এ ব্যাপারে বাফুফে-প্রাইম ব্যাংক সমঝোতার পরপরই সব জেলায় লিগ আয়োজনে নির্দেশনা দেওয়া হয় বাফুফের পক্ষ থেকে। সে সময় লিগ চলছিল সাতটি জেলায়। এর ঠিক আগে আগে লিগ হয় ৬-৭টি জেলায়। আট মাসে লিগ হয়েছে মাত্র ১০-১১টি জেলায়। সব মিলিয়ে বাফুফের হিসাব অনুযায়ী গত নয় মাসে মাত্র ২৪টি জেলায় লিগ হয়েছে।

স্পনসর জোগাড় করে লিগ আয়োজনের দায়িত্ব আসলে স্থানীয় কর্মকর্তাদের। অথচ বেশির ভাগ জেলাই বাফুফের টাকা নিয়ে হাত-পা গুটিয়ে বসে আছে। তারা আরও টাকা চায়। প্রতি জেলাকে তিন লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বাফুফে। স্পনসর প্রতিষ্ঠান এখন পর্যন্ত বাফুফেকে দিয়েছে দেড় কোটি টাকা। সেই টাকা থেকে গত নভেম্বরে সব জেলাকে দেওয়া হয় এক লাখ টাকা করে। প্রতিশ্রুত বাকি দুই লাখ এখনো না পাওয়ার কারণেই নড়েচড়ে বসতে নারাজ বেশির ভাগ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। টাকা দিলে খেলা হবে—এখনো সেই আগের অবস্থানেই রয়ে গেছে জেলার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

যে কারণে জেলার টুর্নামেন্টও অনিয়মিত। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের গত কমিটি জেলার দল নিয়ে একটা ক্লাব টুর্নামেন্ট করেছিল। সেটি এক বছর পরই হিমাগারে চলে যায়। বছর কয়েক পর এবার নতুন করে উদ্যোগ নিলেও তা অনিশ্চিত হয়ে পড়ল।

অথচ আগের চেয়ে বাফুফে এখন অনেক তৎ পর। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সঙ্গী করে বেশ কয়েকটি জেলায় লিগের উদ্বোধন বা সমাপনীতে হেলিকপ্টার ভাড়া করে গেছেন বাফুফের ডিএফএ কমিটির সভাপতি মনজুর কাদের। ওই জেলাগুলোকে ব্যক্তিগতভাবে এক লাখ করে টাকাও দিয়েছেন তিনি। তবু গতি আসছে না জেলার ফুটবলে। তাই বাফুফের সিদ্ধান্তের সঙ্গে মনজুর কাদের একমত, ‘এ বছর যদি ফেডারেশন ডিএফএ কাপ করতে না চায়, সমস্যা নেই। সব জেলায় লিগ করার পর আগামী বছর ভালোভাবে টুর্নামেন্টটি করলেই বরং ফলপ্রসূ হবে।’

তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, বাফুফে আর্থিক প্রণোদনা দেওয়ার পরও কেন জেলার লিগ আয়োজনে এত ধীরগতি?