এ বন্ধুতা চিরদিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে মারলন স্যামুয়েলসকে যেকোনো ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। সে সময়টার কথা আজও ভুলতে পারেননি তিনি। বড় কষ্টের সেই সময়ে তিনি সবার কাছেই ছিলেন ‘বিশ্বাসঘাতক’। তীব্র কষ্টের সেই দিনগুলোর অনুভূতি তিনি কারও কাছে প্রকাশ করতে পারতেন না। সেই ভয়ংকর সময়টিতে স্যামুয়েলসকে ছায়ার মতো আগলে ছিলেন ক্রিস গেইল। তাঁর কথা শুনতেন, দিতেন অভয়। ফিরে আসার সাহস জোগাতেন। স্যামুয়েলস বলেছেন, ‘নিজের খারাপ সময়ে যখন কেউ ফিরেও তাকায়নি, তখন গেইল আমাকে শক্তি জুগিয়েছেন। মনের অজান্তেই সেই গেইল কখন যে তাঁর সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছেন, সেটা স্যামুয়েলস নিজেও জানেন না।’সময় পরিবর্তিত হয়েছে। উপশম হয়েছে স্যামুয়েলসের দুঃখ। তিনি ফিরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সময়ের পথপরিক্রমায় স্যামুয়েলসের ‘বন্ধু’ গেইল নিজেই এখন রয়েছেন সমস্যায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যায় জড়িয়ে গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারই এখন হুমকির মুখে। স্যামুয়েলস মনে-প্রাণেই বিশ্বাস করেন তাঁর বন্ধুর কৃতজ্ঞতাটা স্বীকার করে নেওয়ার এটাই উপযুক্ত সময়। সে কারণেই কি না, বৃহস্পতিবার ভারতের বিপক্ষে উইনিং শটটি নিয়েই স্যামুয়েলস ছুটে গেলেন স্যাবাইনা পার্কের গ্যালারির সেই অংশটায়, যেটায় বসে খেলা দেখছিলেন তাঁর প্রিয় বন্ধু। মাঠে সেদিন গিয়েছিলেন গেইল। পরনে ফ্লোরোসেন্ট রঙের জার্সি। চুলের স্টাইলেও এসেছে পরিবর্তন। রোদ চশমা চোখে তাঁকে মনে হচ্ছিল, সত্তরের দশকের কোনো ব্যান্ড শিল্পী। সেই গেইল মাঠে ঢোকার আগেই টুইটারে লিখেছিলেন, ‘আমি তো গ্যালারিতে বসে খেলাটা দেখতে পারি, নাকি তাও পারি না !’ টুইটারে গেইলের মন্তব্যেই ফুটে উঠছিল নিজের বিদ্রোহী মনোভাবটা।স্যামুয়েলস ওসব থোরাই কেয়ার করেন। তাঁর কাছে গেইলের পরিচয়, প্রিয় বন্ধুর। যে বন্ধুত্ব সব স্বার্থের ঊর্ধ্বে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রশাসন গেইলের সঙ্গে সম্পর্ক রাখা পছন্দ করুক আর নাই করুক, স্যামুয়েলস রাখবেনই। সে জন্যই বোধহয় জয়ের নায়ক হয়ে কৃতজ্ঞতা জানাতে ছুটে গেলেন তাঁর কাছেই।এ বন্ধুত্ব বেঁচে থাকুক অনন্তকাল! টাইমস অব ইন্ডিয়া।