এ বড় গৌরবের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

ইংল্যান্ডের বিপক্ষে কালকের জয়টাকে আমি বাংলাদেশের অন্য জয়গুলোর সঙ্গে এক করতে রাজি নই। আমরা জানতাম, এই ম্যাচে জিতলেই বাংলাদেশ দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলবে। কাল আমরা প্রমাণ করেছি, চাপের মধ্যেও বড় দলের বিপক্ষে জেতার কৌশল এখন আমাদের জানা।
ব্যাটিংয়ে শুরুতেই দু-দুটো উইকেট হারানোর পরও আমাদের ছেলেরা যেভাবে খেলায় ফিরল সেটা এই বিশ্বকাপের যেকোনো বড় দলের সামর্থ্যের সঙ্গে তুলনীয়। মুশফিক ও মাহমুদউল্লাহর জুটি দলের ব্যাটিং গভীরতায় ভিন্ন মাত্রা যোগ করেছে। হয়তো শেষের ৫ ওভার সেভাবে কাজে লাগানো যায়নি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে, আমরা খেলছি ইংল্যান্ডের সঙ্গে। শেষের ৫ ওভারে ভালো বল করতে না পারাটা ইংল্যান্ডের সেরা বোলারদের সামর্থ্যের সঙ্গেই ঠিক যায় না। সে কারণেই হয়তো আমরা ১৫-২০ রান কম করেছি।
অ্যাডিলেড ওভাল মাঠটা এক দিকে ছোট। সেখানে ২৭৫ রান নিরাপদ কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তা ছাড়া উইকেটটা খুব বেশি ব্যাটিং-সহায়ক ছিল বলেও এই রান নিয়ে ম্যাচ জেতা চ্যালেঞ্জিং ছিল। তা ছাড়া এই টুর্নামেন্টে আমাদের বোলিং ততটা গোছানো হচ্ছিল না। কিন্তু কাল দেখা গেল আমাদের পেস বোলাররা শুধু এই টুর্নামেন্টেরই নয়, নিকট অতীতের মধ্যেই তাদের সেরা বোলিংটা করেছে।
আমরা নিজেদের মাঠে খেলছি না, এ কারণেও ইংল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ। ভেন্যু নিরপেক্ষ হলেও সেখানে ইংল্যান্ডই সুবিধা পেয়েছে। বিশ্বকাপের আগে সেখানে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলেছে তারা। এটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি সুবিধা হয়েছে তাদের। বাংলাদেশের সাফল্যকে এই কারণেই এগিয়ে রাখছি।
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহকে বিশেষভাবে অভিনন্দন। অসাধারণ একটা কাজ করে দেখাল এই অভিজ্ঞ ব্যাটসম্যান। দলের প্রয়োজনে একসময় ৭ নম্বরে ব্যাটিং করেছে। দলের প্রয়োজনে তাকে দেখেছি তিন নম্বরে ব্যাট করতে। কাল সেরা কম্বিনেশন এর জন্য এল চার নম্বরেও। প্রতিটি জায়গায়ই মাহমুদউল্লাহ প্রমাণ করেছে তার সামর্থ্য। এর কিছু কৃতিত্ব বোধ হয় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দিতেই হয়। কারণ গ্রানাইটের উইকেটে যে প্র্যাকটিসগুলো তারা করে গেছে, সে কাজগুলো ব্যাটসম্যান যথার্থভাবে করতে পারছে। আর মুশফিক সম্পর্কে একটা কথাই বলব—এই দলটার ব্যাটিংয়ের প্রাণভোমরা সে।
বাংলাদেশের বোলিংটাও হয়েছে অসাধারণ। যখনই ব্রেক থ্রুর দরকার হয়েছে, অধিনায়ক নিজে সেটা দিয়েছে। উইকেট না পেলেও প্রথম ম্যাচ হিসেবে অপরিচিত কন্ডিশনে খারাপ বল করেনি আরাফাত সানি। রুবেলও খুব প্রয়োজনীয় দুটো ব্রেক থ্রু দিয়েছে। বিশেষ করে বলব সাকিবের সঙ্গে চমৎকার সমন্বয় করে এইউন মরগানের ক্যাচটার কথা। তরুণ তাসকিন বাটলারের উইকেট নিয়ে দলকে আবার খেলায় ফিরিয়ে আনে। আর টেলর যেভাবে আউট হলো, তাতে পরিষ্কার হয়ে গেল যে চাপের মধ্যে বড় দলের ব্যাটসম্যানরাও আনাড়ির মতো ব্যাট চালায়। শেষ মুহূর্তে তামিমের হাত থেকে ক্যাচ পড়াটাকেও উদাহরণ হিসেবে আনা যায়। কাজেই চাপ একটা বড় ব্যাপার তো বটেই। এটা অনেক খেলোয়াড়কেই তার স্বাভাবিক ছন্দে থাকতে দেয় না।
তবে রুবেল সেই চাপকেই জয় করে দেখাল। নিজের শেষ ওভারে ও যে দুটি বলে শেষ দুটি উইকেট নিল, সেগুলো যেকোনো দলের টেলএন্ডারদের জন্যই ‘প্রাণঘাতী’। ও রকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখে এমন নিখুঁত ডেলিভারি! আমি তো মনে করি ওই দুটি বল রুবেলকে ভিন্ন একটা উচ্চতায় নিয়ে গেছে। সে সঙ্গে বাংলাদেশের বোলিং আক্রমণকেও। সাকিবকে দেখে বাংলাদেশের সবাই এখন স্পিনার হতে চায়। অথচ কালকের ম্যাচে রুবেলের পারফরম্যান্স প্রমাণ করে, আমাদের পেসারদের সামর্থ্যও অনেক বেড়েছে। ইংল্যান্ড-বাংলাদেশ দুই দল মিলিয়েও ম্যাচের দ্রুততম বলটি করল রুবেল!
আগেই বলেছিলাম, ইংল্যান্ডকে হারাতে পারলে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের তিন মোড়লের এক মোড়লকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে পারব। সেই কাজটা করে ক্রিকেটাররা করে দেখিয়েছে। এ বড় গৌরবের জয়। এ জন্য কোচ-কর্মকর্তাসহ পুরো দলকেই আন্তরিক অভিনন্দন। তবে যেটা তারা করেছে সেটা কঠিন হলেও দুঃসাধ্য ছিল না। যদিও এটা ঠিক, তাদের এই সাফল্য আমাদের ভবিষ্যতের প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করবে।