এ মাসেই কেএফসি মহিলা ফুটবল লিগ
ফিফার নির্দেশ অনুসারেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে মহিলা ফুটবলের সুপার লিগ। গত সেপ্টেম্বরে চট্টগ্রামে হয়েছিল জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ। জাতীয় প্রতিযোগিতার সেরা আটটি দল—আনসার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কিশোরগঞ্জকে নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৫ নভেম্বর শুরু হবে এই সুপার লিগ।বাফুফের সঙ্গে গাঁটছড়া বাঁধতে মহিলা সুপার লিগের পৃষ্ঠপোষক হয়েছে কেএফসি। এবারের লিগ আয়োজনে কেএফসি দিচ্ছে ১৫ হাজার ইউএস ডলার (১১ লাখ ২৫ হাজার টাকা)। আপাতত এক বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কেএফসির বাংলাদেশি স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ফুড লিমিটেড। প্রতিবছরই নবায়নযোগ্য চুক্তিটিতে বাফুফের পক্ষে স্বাক্ষর করেন মহিলা বিভাগের প্রধান সিরাজুল ইসলাম (বাচ্চু), ট্রান্সকম ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আক্কু চৌধুরী।বাফুফের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি আক্কু চৌধুরী, ‘মহিলা ফুটবলের উন্নয়নে এগিয়ে আসতে পেরে আমরা খুব আনন্দিত। বাফুফে যত দিন লিগ আয়োজন করবে আমরাও তত দিন যুক্ত থাকব।’ সিরাজুল ইসলামের কথা, ‘আমরা চেষ্টা করছি, ফিফার ক্যালেন্ডার ঠিক রাখতে। এ জন্যই এই লিগ। ফিফার প্রতিনিধিরা আগে থেকেই পৃষ্ঠপোষণার ব্যাপারে ট্রান্সকম গ্রুপের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করছিলেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পরই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। কেএফসিকে পাশে পেয়ে আমরাও দারুণ খুশি।’বাফুফে ভবনে কাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও অনুষ্ঠান-পরবর্তী সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা বিভাগের উপপ্রধান মাহফুজা আক্তার (কিরণ) এবং কেএফসির সহকারী ব্যবস্থাপক মাথেলডা রিনি ডি ক্রুজ।