এ মাসেই ট্যুর ডি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যুর ডি ফ্রান্সের আদলে বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে ট্যুর ডি বাংলাদেশ। কাল স্থানীয় একটি হোটেলে প্রতিযোগিতার লোগো উন্মোচনের পর অনুষ্ঠান মঞ্চের সামনেই হয়ে গেল রোড রেস প্রদর্শনী l প্রথম আলো
ট্যুর ডি ফ্রান্সের আদলে বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে ট্যুর ডি বাংলাদেশ। কাল স্থানীয় একটি হোটেলে প্রতিযোগিতার লোগো উন্মোচনের পর অনুষ্ঠান মঞ্চের সামনেই হয়ে গেল রোড রেস প্রদর্শনী l প্রথম আলো

হঠাৎ তিন সাইক্লিস্ট সাইকেল চালিয়ে ঢুকে পড়লেন মঞ্চের সামনে। সবার চোখ গেল সেদিকে। সাইক্লিংয়ের অনুষ্ঠানে সাইক্লিস্টদের আগমন গোটা পরিবেশটাকে দিয়েছে ভিন্নমাত্রা। আর এমন আবহেই ট্যুর ডি ফ্রান্সের আদলে এই প্রথম ট্যুর ডি বাংলাদেশের আগমনী বার্তা ছড়াল। স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে কাল উন্মোচন করা হলো এর লোগো।

বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা ও সাবেক ক্রীড়াবিদদের সামনে নদীর আবহ আর লাল-সবুজে ছোঁয়ায় তৈরি করা ওই লোগো উন্মোচন করলেন উদ্যোক্তা দুই প্রতিষ্ঠানের শীর্ষ দুজন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু ও স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ। ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’ নাম নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা যেন এক স্বপ্ন পূরণ করতে চলেছে।

বাংলাদেশে প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে তিন স্তরে। ২০ ডিসেম্বর বাগেরহাট থেকে গোপালগঞ্জ ৬৫ কিলোমিটার। পরদিন গোপালগঞ্জ থেকে ভাঙা কাওড়াকান্দি ঘাট পর্যন্ত ৮০ কিলোমিটার। ২৩ ডিসেম্বর শেষ স্তরে ঢাকার হাতিরঝিলে সাত চক্কর অর্থাৎ ৪৯ কিলোমিটার। ট্যুর ডি ফ্রান্সে ২১ দিন সাড়ে তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে হয়, বাংলাদেশে প্রথমবার ১৯৪ কিলোমিটার। প্রতিযোগিতার কিছু অংশ সরাসরি দেখাবে সম্প্রচার সহযোগী এটিএন নিউজ।

১০ দলের ৪০ জন জাতীয় সাইক্লিস্ট খেলবেন। তিন পর্ব মিলিয়ে সবচেয়ে কম সময় নিয়ে প্রথম হওয়া প্রতিযোগী পাবেন ৩ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় জন ২ ও ১ লাখ। আগামী বছর প্রথম পুরস্কার ১০ লাখ টাকা, ২০১৮ সালে ২৫ লাখ! সাতটি স্তরে খেলা হবে, খেলা যাবে পার্বত্য অঞ্চলেও।

দ্বিতীয় আসরে সাফ অঞ্চলের প্রতিযোগী আনার পরিকল্পনা আছে, ইউরোপের খেলোয়াড় আনা হতে পারে পরবর্তীতে। এভাবে কলেবর বাড়তে থাকবে। বাড়বে অর্থ পুরস্কারও।

ট্যুর ডি ফ্রান্স একদিনে আজকের জায়গায় আসেনি, ধীরে ধীরে এটির বিবর্তন হয়েছে। ঠিক সেই পথ ধরে একদিন ট্যুর ডি বাংলাদেশকে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানালেন স্পনসর প্রতিষ্ঠানের বিপণন-প্রধান শোয়ের মোহাম্মদ আসাদুজ্জামান।

১৯০৩ সালে ট্যুর ডি ফ্রান্সের যাত্রার সেই সময়টা টেনে আনেন তিনি। ওই সময় ফ্রান্সের একজন সাংবাদিক ও তাঁর সম্পাদকের উদ্যোগেই আসলে এটি শুরু হয়। তাঁদের পত্রিকার সার্কুলেশন কমে যাচ্ছিল এবং ওই সময় ট্যুর ডি ফ্রান্সের কল্যাণে ওই পত্রিকার সার্কুলেশন বেড়ে যায় অনেক। তখন প্রথম পুরস্কার ছিল আজকের বাংলাদেশি টাকায় ২ লাখ ৪০ হাজার টাকা। আজকের দিনে চ্যাম্পিয়ন পান ৫ লাখ ইউরো। ট্যুর ডি বাংলাদেশও একদিন আরও বড় হবে—এমন আশাই রাখলেন আয়োজকেরা।