এ মাসেই বাফুফের দুটি টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি দল নিয়ে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় আসর শুরু ১১ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে শুধু উদ্বোধনী ম্যাচ, যাতে মুখোমুখি ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। বাকি সব ম্যাচ হবে ঢাকার কমলাপুর ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। লিগের বাকি ছয়টি দল রহমতগঞ্জ, ভিক্টোরিয়া, উত্তর বারিধারা, অগ্রণী ব্যাংক, ওয়ারী ও ঢাকা ইউনাইটেড। গতকাল পেশাদার লিগ কমিটির সভায় চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত হয়েছে। এ সভায় মূল আলোচ্য ছিল পেশাদার ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। বিকেএসপিকে যোগ করার পরিকল্পনা বাদ দিয়ে শুধু পেশাদার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ দল নিয়ে ২০ বা ২১ ফেব্রুয়ারি সেটি শুরু করার সিদ্ধান্ত হয়েছে। বাফুফের টার্ফের পরিবর্তে এই টুর্নামেন্টের ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২৫ হাজার টাকা বাড়িয়ে প্রতিটি অনূর্ধ্ব-১৬ দলকে অনুদান দেওয়া হবে ৫০ হাজার টাকা করে, সমপরিমাণ অর্থ পাবে চ্যাম্পিয়ন দলও।সিদ্ধান্ত হয়েছে, ১০-১১ মার্চ শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপে পেশাদার লিগের নয়টি দলের সঙ্গে সরাসরি সুযোগ পাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় ২৬ মার্চের পরিবর্তে ফাইনাল দু-এক দিন পর হবে। এ ছাড়া যেহেতু বাংলাদেশ গেমসের জন্য ১৫ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়তে হবে, তাই এর আগেই বাংলাদেশ লিগ শেষ করার পরিকল্পনা নিয়েছে লিগ কমিটি।