বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের রায় হয়ে যেতে পারে এ মাসেই। বাংলাদেশের ক্রিকেটকে কাঁপিয়ে দেওয়া কলঙ্কিত এ ঘটনা নিয়ে গঠিত স্পট ফিক্সিং ট্রাইব্যুনাল এ রকমই আভাসই দিয়েছে। গত ১৯ জানুয়ারি শুরু হয় শুনানি। সেই ধারাবাহিকতায় পরশু শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ। ট্রাইব্যুনাল এখন বাদী-বিবাদী দুই পক্ষকেই নির্দেশ দিয়েছে লিখিত ও মৌখিকভাবে চূড়ান্ত বক্তব্য দেওয়ার। ট্রাইব্যুনালে মৌখিক বক্তব্য দিতে হবে ২২ ফেব্রুয়ারি। এরপরই রায় ঘোষণা করা হবে। ১৯ জানুয়ারি শুনানি শুরু হওয়ার পর প্রথমেই অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন করেছেন ও নানা বিষয়ে আপত্তি জানিয়েছেন। প্রথম দিনে সূচনা বক্তব্য দিয়েছেন বিভিন্ন পক্ষের প্রতিনিধি আইনজীবীরা। এরপর বাদী-বিবাদী দুই পক্ষই প্রয়োজনীয় সাক্ষী-সাবুদ হাজির করেছে, একে অপরকে জেরা করার সুযোগ পেয়েছেন। ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট ম্যাচগুলো ভিডিও দেখেছে, শুনেছে কিছু সাক্ষাৎকারের অডিও ক্লিপিংসও। তথ্যসূত্র: বিজ্ঞপ্তি।