এ মাসেই শুরু ফ্র্যাঞ্চাইজি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেছে। আরও একটা পেতে চলছে জোর প্রচেষ্টা। তবে ফ্র্যাঞ্চাইজি না পেলেও বসে থাকতে রাজি নয় বিসিবি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের ক্রিকেট টুর্নামেন্ট তারা শুরু করে দিতে চায় এ মাসেই। একক লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৪ বা ২৫ ডিসেম্বর।কাল এ সংক্রান্ত এক সভা শেষে বিসিবির টুর্নামেন্ট কমিটির নতুন প্রধান নাঈমুর রহমান জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্ট আগামী ২৪ বা ২৫ ডিসেম্বর থেকে শুরু করতে পারব আশা করি। আপাতত তিনটা ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেলেও খেলবে চার দলই। ফ্র্যাঞ্চাইজি না পেলে বিসিবিই আরেকটা দলের সব খরচ বহন করবে।’চার দিনের ম্যাচের টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিসিবি এরই মধ্যে চুক্তি করেছে ওয়ালটন, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংকের সঙ্গে। তবে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল—কোন দলের মালিকানা কে নেবে সেটি এখনো ঠিক হয়নি। ঢাকার বাইরে টুর্নামেন্টের ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে খুলনা বা সিলেটেও।বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, চারটি দলের জন্য খেলোয়াড় তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খানের নির্বাচক কমিটিকে। খোঁজা হচ্ছে টাইটেল স্পনসরও। ‘সবকিছু নিয়েই আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি দু-চার দিনের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’—বলেছেন জালাল ইউনুস।