এ মাসেও হচ্ছে না বঙ্গবন্ধু কাপ
বঙ্গবন্ধু কাপ হবে তো? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি কিছু বলছেন না, ‘দেখি, করার তো ইচ্ছে আছে।’
কিন্তু কবে? সেটিই বড় প্রশ্ন। বাফুফের বর্ষপঞ্জি অনুযায়ী বঙ্গবন্ধু কাপ শুরুর সময় পেরিয়ে গেছে। কথা ছিল, সেপ্টেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক এই টুর্নামেন্ট শুরু হবে। কিন্তু সেপ্টেম্বর পেরিয়ে এখন অক্টোবর প্রথম সপ্তাহ। সামনে পবিত্র ঈদুল আজহা। কিন্তু বঙ্গবন্ধু কাপের কোনো কার্যক্রমই দৃশ্যমান নয় বলে ধরে নেওয়া যায়, এ মাসেও টুর্নামেন্টটি আলোয় আসছে না।
কাল এ ব্যাপারে জানতে চাইলে সালাউদ্দিন দিলেন ধোঁয়াশাচ্ছন্ন জবাব, ‘হ্যাঁ, অবস্থা যা, তাতে এ মাসে মনে হয় না বঙ্গবন্ধু কাপ করতে পারব।’ আগামী মাসে ঘরোয়া ফুটবল শুরু হবে যাবে। কাজেই আগামী মাসে বঙ্গবন্ধু কাপ আয়োজন করলে ঘরোয়া ফুটবলের সূচিতে আনতে হবে পরিবর্তন। সেটি কীভাবে হবে, তা নিয়েও বাফুফের কারও কোনো ধারণা নেই।
একটি সূত্র জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বঙ্গবন্ধু কাপ নিয়ে বাফুফে আছে দোটানায়। প্রায় এক যুগ পর ঘরোয়া আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি মাঠে ফেরানোর জন্য বাফুফের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছিল মাস কয়েক আগে। তার পর থেকে বাফুফে সভাপতি বলে আসছিলেন, কুয়েত, কাতার, বাহরাইন, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দলসহ মোট আটটি দলের সঙ্গে তাঁর কথা হয়েছে। টুর্নামেন্টের বাজেট প্রায় ৮-১০ কোটি টাকা। একটা অংশ দিতে চেয়েছে কুয়েত পেট্রোলিয়াম।
কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংকেত মিললে তবেই টুর্নামেন্ট করা হবে। প্রধানমন্ত্রী এর আগে অবশ্য সম্মতি দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন টুর্নামেন্ট করতে বলবেন, তখনই মাঠে নামতে চায় বাফুফে।