
ঘটনাটা ঘটল হোটেল ছাড়ার পরই। মেলবোর্নের ব্যস্ত রাস্তায় পুলিশি পাহারায় আমাদের টপকে সামনে চলে গেল ভারতীয় দল। তখনই মনে হচ্ছিল, দিনটা বোধ হয় আমাদের নয়। বলার অপেক্ষা রাখে না, ব্যাটে বা বলে আমাদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারিনি।
জয়ের মাহাত্ম্য টের পেতে হলে আপনাকে পরাজয়ও মেনে নিতে হবে। সেই হিসেবে রোববারের রাতটা ছিল মূল্যবান একটা শিক্ষা। আশা করি কয়েক দিনের মধ্যে আমরা সেটা আরও ভালোভাবে বুঝতে পারব। এ মুহূর্তে ক্ষতটা একটু দগদগেই।
পরাজয়ের সবচেয়ে হতাশাজনক দিকটা হচ্ছে নিজের ওপর সুবিচার করতে না পারা। যখন দুটি আন্তর্জাতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তখন এক দলকে হারতেই হয়। সেটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু সামর্থ্যের কাছাকাছিও যদি খেলতে না পারি, যেটা মেলবোর্নে হয়েছে, হজম করা কঠিন।
ভারতের পারফরম্যান্স ছিল সব অর্থেই অনন্য। অস্ট্রেলিয়া সফরে আগের সব হতাশা ঝেড়ে ফেলে দারুণভাবেই জ্বলে উঠেছে শিখর ধাওয়ান। বিশ্বকাপে এটা সেরা সেঞ্চুরিগুলোর একটি। ওকে অভিনন্দন!
পরাজয়ের ব্যবধানটা কখনো কখনো আপনাকে ভুল বার্তা দিতে পারে। অনেক খেলার ক্ষেত্রেই এটা সত্য। ফুটবল ম্যাচেই দেখুন, আপনি যখন ১-০ গোলে পিছিয়ে থাকেন, গোল শোধ করতে গিয়ে শেষ ১৫ মিনিটে উল্টো আরও তিন-চারটি গোল খেয়ে যেতে পারেন। তখন মনে হবে, আপনি একেবারেই বিধ্বস্ত হয়েছেন।
একসময় মনে হচ্ছিল, ভারত ৩৩০ রান করবে। তখন আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছি। ১-০ ব্যবধানেই আমরা বিরতিতে গিয়েছি। কিন্তু এরপর শোধ করতে গিয়ে উল্টো আরেকটা খেয়ে বসেছি। আমরা রানটা তাড়া করারই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ১৩০ রানে হেরেছি। ব্যবধান ৩০ নাকি ১৩০, সেটা নিয়ে আমার খুব বেশি মাথাব্যথা নেই। আমরা খেলেছি এবং বাজেভাবে হেরেছি।
এরপর আমাদের জন্য সিডনির পরীক্ষা অপেক্ষা করছে। সেটাও দারুণ একটা শহর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার আরও গোটা কয়েক দিন বাকি। কেপটাউনের বাসিন্দা হিসেবে আমি বড়সড় একটা সামুদ্রিক দাওয়াইয়ের অপেক্ষায় আছি। আমি সমুদ্র ভালোবাসি। হোটেল থেকে বেরিয়ে সিডনির সৈকতের ঢেউয়ে ভেসে যাওয়ার জন্য আমার তর সইছে না!
গত সপ্তাহের ফ্লুটা অনেক ভুগিয়েছে আমাকে। নিজের ছন্দ ফিরে পেতে অনুশীলনে অনেক সময় দিতে হবে। ঠিক সময়ে নিজের চূড়ায় উঠতে হবে। হারাটা কখনোই কাম্য নয়, কিন্তু এক মাস পরে হারার চেয়ে এখন হারা অনেক ভালো। আমরা জানি, ব্যক্তি ও দল হিসেবে আমাদের কী করা উচিত। আমি আত্মবিশ্বাসী, সেটা আমরা করতে পারব। (গেমপ্ল্যান)